সূর্য সরকার।
টালা ব্রিজের (Tala Bridge) ভবিষ্যৎ কি? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ নবান্নে (Nabanna) বৈঠক। এ প্রসঙ্গে শনিবার বৈঠকে বসতে চলেছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এই বৈঠকে থাকতে পারেন বলে খবর। টালা ব্রিজ নিয়ে রাইটসের সমীক্ষার পাশাপাশি দ্বিতীয় পরামর্শ নিতে চেয়েছিল রাজ্য। পুজোর আগে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়ে বিশিষ্ট ব্রিজ বিশেষজ্ঞ ভি কে রায়নাকে (V K Raina) নিযুক্ত করে সরকার। পুজোর মধ্যেই সেই লিখিত রিপোর্ট জমা পড়ে নবান্নে। পঞ্চমীর দিন টালা ব্রিজ পরিদর্শন করেছিলেন তিনি। সেদিনই তিনি মৌখিক একটা রিপোর্ট জমা দিয়েছিলেন পূর্ত দফতরকে। পুজো শেষ হতেই তাঁর লিখিত রিপোর্ট জমা পড়ে।
সূত্রের খবর, রায়নার রিপোর্টেও টালা ব্রিজের বর্তমান অবস্থা বিপজ্জনক বলা হয়েছে। ব্রিজটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে নতুন করে ব্রিজ তৈরির সুপারিশ রয়েছে রিপোর্টে। বুধবার নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকে রিপোর্ট নিয়ে আলোচনাও হয়। রায়নার রিপোর্টের বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে। ঠিক হয়, ১২ তারিখ ফের বৈঠক হবে। আজ বেলায় সেই বৈঠক হবে নবান্নে। টালা ব্রিজের ভবিষ্যৎ নির্ধারণ হবে সেখানেই। এতদিন ভারী যান চলাচল বন্ধ ছিল। কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব সব ধরণের যান চলাচল বন্ধ করে ব্রিজ ভেঙে ফেলা প্রয়োজন। ফলে, কোন পথে হবে বিকল্প ব্যবস্থা, কবে হাত দেওয়া হবে ভাঙার কাজে, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের বৈঠকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news