চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
শহরের ৪০টি রুটে সরকারি বাস পরিষেবা চালু করে দিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (West Bengal Transport Corporation)। পাশাপাশি, বুধবার থেকে কলকাতার প্রায় সমস্ত অটো রুটেও পরিষেবা চালু করার বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে। পরিবহণ দফতর সূত্রে খবর, বেহালা, ঠাকুরপুকুর, জোকা, আমতলা, বারুইপুর, বারাসত, নিউ টাউন, সাপুরজি, ব্যারাকপুর-সহ একাধিক গন্তব্যে বাস চলবে। কলকাতার সঙ্গে শহরতলির যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা এবং হাওড়ার একাংশকে ওই পরিষেবার আওতায় আনা হয়েছে।
এই পর্বে পর্ণশ্রী-নিউটাউন, শকুন্তলা পার্ক-করুণাময়ী, যাদবপুর-জনকল্যাণ, শকুন্তলা পার্ক-কলকাতা স্টেশন-সহ আরও কিছু রুট। নীলগঞ্জ বাস ডিপো থেকে ডানলপ এবং বি টি রোডের দিকে যাওয়া সরকারি বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। এ ছাড়াও আমতলা, জোকা এবং বারুইপুর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হতে চলেছে। পার্ক সার্কাস-ডানকুনি, সোদপুরের ঘোলা থেকে হাওড়া-সহ বিভিন্ন রুটেও বাস চালু হচ্ছে।
পূর্ব কলকাতার জন্য সরকারি বাস চলবে সল্টলেক, নিউটাউন, ইকো স্পেস, সাপুরজি-সহ বেশকিছু এলাকায়। উল্লেখযোগ্য রুটগুলো হল টালিগঞ্জ-করুণাময়ী-নিউটাউন, উল্টোডাঙা-সাপুরজি এবং জোকা-ইকো স্পেস। গুরুত্বপূর্ণ রুটগুলিতে যাত্রী-সংখ্যার কথা মাথায় রেখে পরিস্থিতিতে বাসের সংখ্যা বাড়তেও পারে। সবক্ষেত্রেই ‘সোশ্যাল ডিসটেনসিং’ বজায় রেখেই পরিষেবা দিতে বলা হয়েছে। অটো পরিষেবা শুরুর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থিত কলকাতা অটো রিক্সা অপারেটারস ইউনিয়নের নেতা তথা আইনজীবী সুব্রত মিস্ত্রী বলেছেন, “সরকারি নির্দেশ পাওয়ার পর আমরা অটো পরিষেবা চালু করলাম। একটি অটোতে দুজন যাত্রীর বেশি নেওয়া হবে না। ভাড়াও আমরা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখার সব শর্তাবলী অটো চালকরা মানবেন। প্রতিদিন ৫০ শতাংশ করে অটো চালকরা পরিষেবা দেবেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news