চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দিল্লির নিজামুদ্দিন (Delhi Nizamuddin) এলাকার একটি মসজিদে হওয়া অনুষ্ঠানে অংশ নেওয়া করোনা আক্রান্ত সাতজন ব্যক্তির মৃত্যু হয়েছে তেলেঙ্গানায়। সেই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। খোঁজ খবর নিয়ে নবান্ন জেনেছে, দিল্লির মসজিদের ওই অনুষ্ঠানে বাংলা থেকেও অনেকে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের করোনা ভাইরাসের পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
এই ঘটনায় কতজনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা গেছে সেই সংখ্যা প্রকাশ করতে চায়নি রাজ্য সরকার। আগে এই অনুষ্ঠানে যোগদানকারী করোনা আক্রান্ত হয়ে তামিলনাড়ু ও জম্মু-কাশ্মীরে দু’জনের মৃত্যু হয়েছে। তারপর তেলেঙ্গানার সাতজন মারা গেলেন। ১ – ১৫ মার্চ পর্যন্ত হওয়া এই অনুষ্ঠানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজস্তানের বাসিন্দারা এসেছিলেন। ২০০-এর বেশি মানুষের জমায়েত হয়েছিল এই অনুষ্ঠানে। মসজিদে যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে থেকে পরে ১১ জনের শরীরে করোনা ভাইরাস (Cooronavirus) সংক্রমণের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এই ১১ জন ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন। তাঁদের পরীক্ষা হয় হায়দরাবাদে।
ওই ১১জনের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের সকলকেই দিল্লির ওই ঘন বসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সিল করে দেওয়া হয়েছে গোটা এলাকা। ধারাবাহিক নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এখনও ওই মসজিদের ছ’তলা ডরমিটরিতে ২০০০ জন রয়েছেন বলে জেনেছে দিল্লি প্রশাসন। এদের মধ্যে আবার ২৮০ জন বিদেশি নাগরিক। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে রবিবার ৩৪ জনের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। সোমবার আরও ১৫০ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news