চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে বড়সড় প্রশ্ন তুলে দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। রবিবার সকালে এক লিখিত বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশে তিনি বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিক ও অন্যান্য আটকে পড়া মানুষগুলো খুব অস্থির হয়ে পড়েছে বাড়ি ফেরার জন্য। আপনি আমাকে আপনার সরকারের পক্ষ থেকে কাজে লাগান। আপনার নোডাল অফিসার আরও এফেকটিভ হতে হবে, অন্য রাজ্য গুলো ট্রেন পাচ্ছে, আপনি এখনও একটাও ট্রেন পেলেন না।” অধীর চৌধুরী আরও বলেন “আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কোনো রাজনৈতিক ধান্দাবাজি নয়। পরিযায়ী শ্রমিকরা কাঁদছে, সব প্রোটোকল মেনে তাদের ফিরিয়ে নিয়ে আসুন।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের শ্রমিকরা লকডাউনে আটকে পড়ার পর তাদের ঘরে ফেরাতে উদ্যোগী হন বহরমপুরের সাংসদ। সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goel) সঙ্গে কথা বলে বাংলার শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করতে বলেন। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেন। প্রত্যেক রাজ্যকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করে এ বিষয়ে উদ্যোগী হতে বলে কেন্দ্রীয় সরকার। কিন্তু অধীর চৌধুরী অভিযোগ করেছেন, এখনও রাজ্য সরকারের নোডাল অফিসার পরিযায়ী শ্রমিক পর্যটক ও ছাত্র-ছাত্রীদের ফেরাতে কোনও উদ্যোগ নেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news