চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ নেই, তাই পরিযায়ী শ্রমিকদের ফেরানো যাচ্ছে না বাংলায়। শুক্রবার ফোনে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) এমনটাই জানালেন ভারত সরকারের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। লকডাউন এরপর থেকেই বহরমপুরের সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পাঠানোর জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করতে বলেন। প্রায় ৩৮ দিন অতিবাহিত হওয়ার পরেও কোনও বন্দোবস্ত না হওয়ায়, এদিন সরাসরি রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে (Piyush Goel) ফোন করেন অধীর।
ঘটনাচক্রে এদিনই তেলেঙ্গানার হায়দ্রাবাদ স্টেশন থেকে ঝাড়খণ্ডের হাতিয়ায় বিশেষ ট্রেন মারফত পাঠানো হয় ১২০০ জন পরিযায়ী শ্রমিককে। বিষয়টি জানতে পেরে রেলমন্ত্রীকে ফোন করেন কংগ্রেসের লোকসভার কংগ্রেসের দলনেতা। জানতে চান, তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকদের ফেরানো গেলে, কেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বন্দোবস্ত করা যাচ্ছে না ? কেনই বা রেলমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করছে না ?
এমন প্রশ্নের জবাবে অধীর চৌধুরীকে দেশের রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের এ বিষয়ে কোনও সদিচ্ছা দেখেননি তিনি। কোনও রাজ্য সরকার না চাইলে উপযাজক হয়ে রেল মন্ত্রক (Railway Ministry) বিশেষ ট্রেনের বন্দোবস্ত করতে পারে না। তাই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ফেরানো সম্ভব হচ্ছে না। এদিন ফোনে রেলমন্ত্রীকে অধীর চৌধুরী জানান, লকডাউনের শুরু থেকেই থেকেই দেশের বিভিন্ন প্রান্তের আটকে পড়া শ্রমিকরা তাকে ফোন করে রাজ্যে ফিরতে চাওয়ার জন্য অনুরোধ করছেন। সেই অনুরোধে বাধ্য হয়ে তিনি তাঁর কাছে দরবার করছেন। এদিন অধীর চৌধুরীকে রেলমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্য সরকার তাদের রাজ্যের শ্রমিকদের ফেরাতে চাইলে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানাক। তবেই রেলমন্ত্রীকে বিষয়ে উদ্যোগী হতে পারবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news