সূর্য সরকার।
অমিত শাহে’র সভার অনুমতি দিল রাজ্য সরকার। কোনও কাঠখড় পোহাতে হল না বিজেপিকে। পুজো শুরুর একেবারে মুখেই আগামী ১ অক্টোবর কলকাতায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)। সেদিন নেতাজি ইন্ডোরে দলীয় কর্মীদের নিয়ে একটি সভা করার কথা তাঁর। বিজেপি (BJP) সভাপতির এই সভার ইতিমধ্যেই অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজনৈতিক সৌজন্যতা ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধীদের দাবি সম্প্রতি নয়াদিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নিশ্চুপেই এই সভার অনুমতি প্রদান। এত সহজে রাজ্য অমিতের সভার অনুমতি দেওয়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। লোকসভা ভোটের আগেও অমিত শাহের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভায় অনুমতি না দেওয়ার হুমকি, সভাস্থলে হেলিকপ্টার নামতে না দেওয়ার মতো একাধিক ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। সেই প্রেক্ষিতে এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সময় দিয়েছিলেন অমিত শাহ। সেই সেই কারণেই এবার রাজ্য সরকার পাল্টা সৌজন্য দেখাল বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ২৭ সেপ্টেম্বর কলকাতায় আসছেন বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। ওইদিন ইজেডসিসিতে সভা করবেন তিনি। এছাড়াও রাজ্যে নাড্ডার বেশকিছু দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। একইসঙ্গে ২৮ সেপ্টেম্বর মহালয়ার দিন সকালে মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় গঙ্গায় তর্পণও করবেন তিনি। এজন্য রাজ্য সরকার বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত অনুমতিও দিয়েছে। যদিও বিজেপি সূত্রের খবর, সময় নিয়ে আপত্তি রয়েছে তাদের। সময় পরিবর্তনের জন্য রাজ্য সরকারের কাছে নতুন করে আবেদনের কথাও চিন্তা করছে গেরুয়া শিবির।
এর আগে যে সভার অনুমতি পাওয়ার জন্য আদালত পর্যন্ত দৌড়াতে হয়েছিল। কিন্তু, এবার প্রায় নিঃশব্দেই তা হয়ে গেল। কোন যাদুমন্ত্রবলে তা যদিও স্পষ্ট নয়। বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা ঘিরে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সত্যিই অবাক করার মত। মাস ছ’য়েক আগেও যখন অমিতের সভার জন্য ছাড়পত্র পেতে আদালতে যেতে হত প্রতিদিনই, এবার আবেদন করতেই সঙ্গে সঙ্গে তা মঞ্জুর হয়ে গেল। ফলে, রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news