চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বেশিরভাগ রাজ্য কেন্দ্রীয় ‘লেবার কোড’ মেনে নিলেও এই আইন মানতে নারাজ পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু। শুক্রবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান শ্রম মন্ত্রী মলয় ঘটক। এদিন শ্রমমন্ত্রী বলেন, ‘‘কোনওভাবেই শ্রমিকদের আট ঘণ্টার বেশি সময় কাজ করতে দেবে না এই দুই রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে লেবার কোডের বিরোধিতা করছেন।’’ তিনি আরও বলেন , “কেন্দ্রের দাবি, উৎপাদন বাড়াতে মালিকপক্ষ যদি মনে করে, শ্রমিকদের আট ঘণ্টার বেশি কাজ করতে হবে। এটা ঘোরতর শ্রমিক বিরোধী আইন। এটা মানা হবে না। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেবার কোড চালু হতে দেননি।” শ্রমমন্ত্রীর পাশাপাশি এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “যে সব রাজ্য কেন্দ্রীয় সরকারের ওই আইন মেনেছে, তারা শ্রমিকদের কথা ভাবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রমিকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তাই আমরা ওই আইনের তীব্র বিরোধিতা করেছি।” এদিন পশ্চিমবঙ্গ শ্রমিক উন্নয়ন পরিষদের তরফে মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলো কেন্দ্রীয় ‘লেবার কোড’ -এর সহযোগিতা করেছে সেই সব রাজ্য গুলিকেও কটাক্ষ করেন রাজ্য শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন মলয় ঘটক জানান, চা শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩০ টাকা হয়েছে। জুন মাস থেকে সেই বেতন ২৫০ টাকা করা হবে। অথচ প্রতিবেশী অসম সরকার ২২০ টাকা দিচ্ছে। এছাড়াও চা শ্রমিক দের জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news