নিজস্ব প্রতিনিধি :
আবার সোমেন মিত্র।
দীর্ঘ বিরতির পর আবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ফিরে এলেন সোমেন মিত্র। নয়াদিল্লি থেকে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর এই লিখিত ঘোষণার পরেই রাজ্য কংগ্রেসে অধীর জমানার অবসান হল।
সোমেন সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে একটি প্রশ্ন মাথা তুলেছে। মমতার সঙ্গে ভবিষ্যতে কেমন রসায়ন হবে কংগ্রেসের? তৃণমূল ছেড়ে চলে আসার পর থেকে সোমেন মিত্র কংগ্রেসের কট্টর মমতা বিরোধী অংশের একেবারে সামনের সারিতে। কংগ্রেসের একটি অংশ বলছে রাহুলের নেতৃত্বে কংগ্রেস শেষ পর্যন্ত মমতার বিষয়ে কি লাইন নেবে তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। দিল্লির কংগ্রেস মমতাকে পুরোপুরি বিশ্বাস করছে না বলেই খবর। তারা মনে করছে মমতা দু’নৌকায় পা দিয়ে চলছেন। ওপর ওপর নিজেকে বিজেপি বিরোধী দেখালেও, ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে সমঝোতা করতে চাইছেন মমতা। এমতাবস্থায় লোকসভা ও পরে বিধানসভা নির্বাচনের আগে দলকে দ্রুত গুছিয়ে নিতে অভিজ্ঞ সোমেনের ওপরেই ভরসা রাখতে চাইছেন রাহুল।
অধীর চৌধুরীকে প্রচার কমিটির চেয়ারম্যান করে এবং দীপা দাশমুন্সির মত কট্টর মমতা বিরোধী নেত্রীকে কার্যকরী সভাপতি করে রাজ্য কংগ্রেসে তৃণমূলের বিরুদ্ধে রণং দেহি হাওয়া তুলে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news