সঞ্জয় সরকার :
৭৬ বছর বয়সী সোমেন্দ্র নাথ মিত্রকে ফিরিয়ে আনা হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে। দীর্ঘ ২০ বছর পর আবার। সরিয়ে দেওয়া হল ২০১৪, ফেব্রুয়ারি থেকে প্রদেশ সভাপতি পদে থাকা অধীর চৌধুরী কে। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল প্রদেশ কংগ্রেসে। এর আগে ১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত প্রদেশ সভাপতি ছিলেন সোমেন মিত্র। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সাংসদ হন তিনি, কিন্তু ২০১৪ সালে তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসেই ফেরেন “ছোড়দা”। কিন্তু লোকসভা নির্বাচনের আগে কেন সরানো হল অধীর চৌধুরীকে? বিধান ভবনে কানাঘুষো অধীর নাকি বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন। পাশাপাশি অধীরের সঙ্গে প্রদেশ কংগ্রেসের অনেকেরই সম্পর্ক ভালো নয়। তিনি নাকি রাজ্যের থেকে নিজেকে বহরমপুরের নেতা হিসাবেই বেশি ভাবতে ভালোবাসতেন। পাশাপাশি ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এরাজ্যে তৃণমূলের সঙ্গে জোট গঠন করার প্রয়োজন হলে অধীর চৌধুরীকে সামনে রেখে তা করা কিছুটা সমস্যা হতো দিল্লির কংগ্রেস নেতৃত্বের। সেই কারণেই অধীরকে আগে থেকেই সরিয়ে দেওয়া হল। যদিও কংগ্রেসের একটা অংশ বলছে ২০১৪ সালে তৃণমূল ছেড়ে আসার পর থেকে সোমেন মিত্রও কিন্তু আদ্যন্ত তৃণমূল বিরোধী। এমতাবস্থায় দিল্লির ভাবনার সঙ্গে সোমেনের ভাবনা ও সেই সূত্রে তৃণমূলের সঙ্গে জোট গঠন কত দুর ফলপ্রসূ হবে প্রশ্ন উঠে গেছে তা নিয়েও। কংগ্রেস কী আদৌ মমতার সঙ্গে জোট চাইছে! এমন প্রশ্নও উঠছে রাজ্য কংগ্রেসের অন্দরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news