চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
যেদিন বিধানসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিধায়কদের নিয়ে ওয়াকআউট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিনই দিলীপ ঘোষ শোরগোল ফেললেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। বুধবার বিধানসভায় পেট্রোপণ্যের কর কমানোর দাবিতে সোচ্চার হন বিজেপি বিধায়করা। ওয়াকআউটও করেন তাঁরা। কিন্তু এরপরই দিলীপ ঘোষ বিধানসভায় পৌঁছে চলে যান রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে। সেখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর তিনি যান আইনমন্ত্রী মলয় ঘটকের ঘরে।
বিধানসভায় রাজ্যের দুই মন্ত্রীর ঘরে দিলীপ ঘোষ! এই খবর রটতেই শোরগোল পড়ে যায় বিধানসভার অন্দরে। সংবাদমাধ্যমের ভিড় হয়ে যায় ওই দুই ঘরে। কেন এই সাক্ষাৎ? তিনি বলেন, ”বহু বার এই ঘরে এসেছি। সকলের সঙ্গেই আমার কথা হয়, আগে যেমন হত। আপনারা চমৎকৃত হতে পারেন, আমি হচ্ছি না।” বিধানসভায় পৌঁছে দিলীপ ঘোষ প্রথমে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘরের সামনে দাঁড়িয়ে পড়েন। সেখানে বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনি যান ফিরহাদ হাকিমের ঘরে। সেখানে তৃণমূল নেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পগুজব সেরে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি যান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ঘরে। সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। যদিও এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিধানসভায় উপস্থিত বিজেপি বিধায়কদের সঙ্গেও কথাবার্তা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news