নিজস্ব সংবাদদাতা:
এবার দক্ষিণবঙ্গেও ‘লু’র সতর্কতা। অর্থাৎ শুধু গরমে হাসফাস নয়, কেবল অস্বস্তিকর পরিবেশ নয়, সেই সঙ্গে আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে দুপুরে পথে বেরোলে অসুস্থ হতে পারেন ‘লু’ লেগে। শহর কলকাতার ক্ষেত্রেও এই সতর্কতা জারি হল এদিন। আরও খারাপ খবর, আগামী তিন দিনে বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। তবে ১৪ তারিখ আবহাওয়ার কিছুটা বদল হবে বলে আশা করছে হাওয়া অফিস।
প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মালদহে আগামী ৪৮ ঘণ্টায় লু বইবে। এবার জানানো হল, আজ শুক্রবার থেকে দুপুরের দিকে লু বইতে পারে কলকাতাতেও।
যদিও শহর কলকাতার তাপমাত্রা থাকবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে তথাপি ‘রিয়েল ফিল’ পৌঁছতে পারে ৪৬ ডিগ্রিতে। সঙ্গে ‘লু’ অনুভব হবে। এমত অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, দুপুরে বাড়ির বাইরে না বেরনোই ভালো। উপায় না থাকলে কাপড়ে নাক মুখ ঢেকে বেরোতে বলছেন চিকিৎসকরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দিনের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। বৃহস্পতিবার যা ছিল সর্বোচ্চ ৯১ ও সর্বনিম্ন ৫২ শতাংশ। শুক্রবার তা দাঁড়িয়েছে সর্বোচ্চ ৯২ ও সর্বনিম্ন ৬৩ শতাংশে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news