ওয়েব ডেস্ক:
ভারতী ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মমলা করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় এফআইআর দায়ের হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া, হুমকি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ভারতীর বিরুদ্ধে। যার মধ্যে বেশকিছু জামিন অযোগ্য ধারাও রয়েছে।
প্রসঙ্গত, পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে পিংলায় ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার হয় ১ লাখ ১৩ হাজার টাকা। পুলিশের মতে, তল্লাশি চালাতে না দিয়ে প্রথমে পালানোর চেষ্টা করেন প্রাক্তন আইপিএস। পরে তাঁকে ধরে ফেলে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। রাত ২টো নাগাদ ছেড়ে দেওয়া হয় ঘাটালের বিজেপি প্রার্থীকে। অভিযোগ, বারবার সিজার লিস্টে সই করতে বলা হলেও, সই না করে চলে যান ভারতী ঘোষ।
এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনাকে ষড়যন্ত্র বলেছেন ভারতী ঘোষ। শাসক দল যদিও গেরুয়া শিবিরের অভিযোগ উড়িয়ে বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ এনেছে। তৃণমূলের অভিযোগ, ভারতী ঘোষের কাছে ২ কোটি টাকা ছিল। বিলির জন্য এই বিপুল পরিমাণ টাকা তাঁর কাছে ছিল। অন্যদিকে জেলা প্রশাসনের কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছিল কমিশন। তা কমিশনে জমাও পড়েছে। এফআইআর-এ এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে সেখানে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news