ওয়েব ডেস্ক:
কালীপুজোর প্রস্তুতি যখন তুঙ্গে তখন বিকেলে মুখ ভার আবহাওয়ার। আকাশ কালো করে এল। শুরু হয়ে গেলো বৃষ্টি। তবে মুসল ধারায় না, কতকটা রয়েসয়ে। তথাপি একদিকে যখন প্যান্ডেলে নির্মাণে ব্যস্ত ক্লাবগুলো, অন্যদিকে যখন মায়ের প্রতিমায় চলছে শেষ মুহূর্তের কাজ, তখন দক্ষিণবঙ্গের আকাশের দখল নিল মেঘ।
এদিন বৃষ্টি হয়েছে পুরুলিয়া, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের জেরে আগামীকাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী পরশু, অর্থাৎ শুক্রবার দিনভর বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মালদা, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। শুক্রবার রাতে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আশার কথা, ২৬ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। যদিও মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কালীপুজোর আগের রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news