নীল রায়।
বিএসএনএল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে আক্রমণ জানিয়েছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন, কোনওভাবেই বন্ধ হচ্ছে না বিএসএনএল। বরং এমটিএনএলের সঙ্গে সংযুক্তিকরণ ঘটিয়ে পুনরুজ্জীবনের চেষ্টা করবে সরকার। ধুঁকতে থাকা দুই টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এবং মহানগর টেলিকম নিগম লিমিটেডকে (MTNL) পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এদিন দিল্লিতে দুই টেলিকম সংস্থার সংযুক্তিকরণের কথা জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম ও যোগাযোগ মন্ত্রী রবিশংকর প্রসাদ (Rabishankar Prasad)। কেন্দ্রীয় মন্ত্রিসভাও টেলিকম সংস্থাগুলির সংযুক্তিকরণের সায় দিয়েছে।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে যে আশঙ্কার সৃষ্টি হয়েছিল তা উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বিলগ্নিকরণের সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন তিনি। সম্প্রতি দুই সংস্থার কর্মীদের বেতন নিয়েও সংকট তৈরি হয়েছিল। তবে এদিন বন্ধ হয়ে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে মন্ত্রীর ঘোষণা, পুনরুজ্জীবনের জন্য আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রিলায়েন্স জিও বাজারে আসার পর থেকে অস্তিত্ব সংকটে ভুগছিল দুই টেলিকম সংস্থা।
দীর্ঘদিন ধরেই লোকসানে চলছিল এই দুই সংস্থা। সম্প্রতি, দুই সংস্থাকে বাঁচাতে ৭৪ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেয় টেলি যোগাযোগ দপ্তর। তবে সেই প্রস্তাব নাকচ করে দেয় অর্থমন্ত্রক। কিন্তু এদিনের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীসভা এমটিএনএল ও বিএসএনএল-কে সংযুক্তিকরণ ঘটিয়ে পুনরুজ্জীবনের সিদ্ধান্ত ঘোষণা করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টেলিকম সংস্থার কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news