ওয়েব ডেস্ক:
এবার মুর্শিদাবাদেও সড়কপথেই যেতে হবে রাজ্যপালকে। রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ওইদিন হেলিকপ্টার দেওয়া যাবে না। প্রসঙ্গত, আগামী ২০ তারিখ মুর্শিদাবাদের ডোমকলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তার জন্য রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছিল রাজ ভবনের তরফে। কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হল, নির্দিষ্ট দিনে হেলিকপ্টার উপলব্ধ নয়। অতএব, রাজ্যপালকে হেলিকপ্টার দেওয়া যাবে না। সব মিলিয়ে এই নিয়ে দ্বিতীয়বার কপ্টার ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত দানা বাঁধল।
উল্লেখ্য, ফরাক্কার কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যও রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়েছিলেন রাজ্যপাল, সেক্ষেত্রে কোনওরকম উত্তরই দেওয়া হয়নি। বাধ্যতামূলক একদিনে ৬০০ কিলোমিটার সড়কপথ যাত্রা করেন জগদীপ ধনখড়। এরপর গোটা ঘটনা রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়। তারপরই দানা বাঁধে বিতর্ক।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়ের নাম না করে বলেন,”কেউ কেউ বিজেপির মুখপত্র হিসেবে কাজ করছে। একটা সমান্তরাল শাসন চালাচ্ছে। মনে রাখা দরকার, কেন্দ্র ও রাজ্য সরকার নির্বাচিত।” যদিও রাজ্যপাল দাবি করেন, “রাজনীতির সঙ্গে প্রশাসনকে গুলিয়ে ফেলা উচিত নয়।”
এবারেও কপ্টারে রাজ্যের না’য় নতুন করে কপ্টার বিতর্ক মাথাচাড়া দিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news