নিজস্ব সংবাদদাতা:
দিল্লির জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তি ভাঙার ঘটনাকে তীব্র নিন্দা করলেন রাজ্যের বিশিষ্টজনেরা। সকলেই একমত যে, জেএনইউ’র মতো দেশের অন্যতম শিক্ষাকেন্দ্রে এমন ঘটনা অন্যায়। প্রায় প্রত্যেকেই মনে করছেন, মতের মিল বা অমিল থাকতেই পারে, তাই বলে মনীষীদের মূর্তি ভাঙাকে মেনে নেওয়া যায় না।
ঘটনার তীব্র নিন্দা করে বিশিষ্ট সাংবাদিক তথা সঙ্ঘ ঘনিষ্ট বুদ্ধিজীবী রন্তিদেব সেনগুপ্ত বলেন, ”এরা যে পন্থাতেই থাকুক উগ্রতাই এদের মূল পন্থা। এরাই এর আগে বিবেকানন্দের ছবি ছুড়ে ফেলে দিয়েছিল। এবার যা করল তা ভয়ঙ্কর অন্যায়। আমি বলব, শুধু বিবেকানন্দের মূর্তি বলেই নয়, দেশের মনীষীদের প্রতিই এদের বিন্দুমাত্র শ্রদ্ধাভক্তি নেই। এরাই যদি হয় দেশের পরবর্তী প্রজন্ম তাহলে তা দেশের পক্ষে দুঃখজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলব, যারাই এই কাজ করে থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। কঠোরতম শাস্তি দেওয়া হোক।”
বিশিষ্ট কবি ও অধ্যাপক সুবোধ সরকারের কথায়, ”দুর্ভাগ্যজনক ঘটনা। এই সংবাদ জানার পর আমার ভীষণ খারাপ লেগেছে। দিল্লির জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয় হল ভারতবর্ষের অন্যতম শিক্ষাক্ষেত্র, পীঠস্থান। সেখানে বিবেকানন্দের মূর্তিকে এভাবে ভাঙা, এবং তাকে কালিমালিপ্ত করা ভয়ঙ্কর অন্যায়। আমি মর্মাহত।”
পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বলেন, ”মূর্তি ভাঙাটা কোনও প্রতিবাদ হতে পারেনি। যারা বাবরি মসজিদ ভেঙেছেন তাদের বিরুদ্ধে কথা বলব বলে কারো মূর্তি ভেঙে দিলাম, এটা ঠিক না। যদিও কারা ভেঙেছে সেটা এখনও স্পষ্ট নয়, মূর্তির পাশে কিছু লেখা দেখে সকলে বলছে অমুকরা ভেঙেছে। তবে মতবাদ নাও মিলতে পারে। বিবেকানন্দের সমস্ত মত আমি নাও মেনে নিতে পারি। তারপরেও বিবেকানন্দের হোক কী রামের কিংবা লাদেনের… কারো মূর্তিই ভাঙা যায় বলে মনে করি না আমি।”
সাংবাদিক সুমন ভট্টাচার্যের ভাষায়, ”মূর্তি ভাঙার মধ্যে কোনও বীরত্ব নেই। যেমন, কলকাতায় বিদ্যাসাগর কলেজে যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হল তার ফলে কি বাঙালির কাছে বিদ্যাসাগরের যে স্থান ছিল তার একচুল নড়চড় হল! অতএব কেউ বা কারা যদি ভেবে থাকেন যে, স্বামী বিবেকানন্দের মূর্তি ভেঙে কোনও রাজনৈতিক বা সামাজিক বিপ্লব আনবেন, তাহলে তারা ভুল ভাবছেন।”
তবে এদের মতের একশো আশি ডিগ্রি উল্টো মেরুতে কবির সুমন। একই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ”বিশ্বাসের জোরে কেউ যদি ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙতে পারে, তাহলে কেউ স্বামী বিবেকানন্দের মূর্তিও ভাঙতে পারে।”
কবিরের মন্তব্যে কিছুটা হতচকিত অনেকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news