প্রসেনজিৎ মাহাতো:
ভারত-পাক লড়াই মানে টানটান উত্তেজনা। উন্মাদনা। সীমান্তের লড়াই হোক কিংবা ২২ গজের যুদ্ধক্ষেত্র। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধ নিয়ে নানা মুনির নানা মত। তবে, জেতার জন্য পাল্লা ভারি ভারতের দিকেই, একথা মানছেন সবাই। কিন্তু, ম্যাঞ্চেস্টারের আবহাওয়াও ‘খেল’ দেখাচ্ছে। বৃষ্টির চোখরাঙানিতে ওল্ড ট্র্যাফোর্ডের সমর্থকরা আশঙ্কিত। আদৌ খেলা হবে তো? টিকিটের চাহিদায় খানিকটা জল ঢেলে দিয়েছে বৃষ্টি।

এদিকে প্রাক্তন তারকা ক্রিকেটারদের মধ্যে মাস্টার ব্লাস্টার শচীন বলছেন, ‘আত্মবিশ্বাস ভাল। অতিরিক্ত আত্মবিশ্বাস ভাল নয়। এটা যেন বিরাট এবং বিরাটের টিম মাথায় রেখে মাঠে নামে। বছর দুই আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। ওদের হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। শাস্ত্রী এবং বিরাট নিশ্চয়ই গোটা টিমকে সতর্ক করেছে।’
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, নিজেদের ফেবারিট ভেবে মাঠে নেমো না। ‘পাকিস্তানকে নিয়ে সতর্ক থেকো। ওরা আনপ্রেডিক্টটেবল দল। যখন যা খুশি করতে পারে। ঠান্ডা মাথায় নিজেদের কাজটা করো বিরাট।’
কপিলদেব আবার অত জটিলতায় না গিয়ে স্ট্রেট ড্রাইভে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত। ‘বিরাটের দল দারুণ ফর্মে রয়েছে। কোনও চিন্তা নেই। ভারতই জিতবে। এখন দু’দলের ১০টা ম্যাচ হলে ভারত ৭ বার ম্যাচ জিতবে। তবে আমাদের সময়ে অন্য পরিস্থিতি ছিল। ওর এগিয়ে ছিল আমাদের থেকে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news