চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পলাতক লিকার ব্যারণ বিজয় মালিয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের ২০১৭ সালের একটি রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু, সোমবার শুনানিতে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। গত জুন মাসে যখন এই মামলাটির শুনানি হয়েছিল তখন অহেতুক বিলম্ব করার জন্য রেজিস্ট্রি আধিকারিকদের ব্যাখ্যা চেয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। কয়েকটি গুরুত্বপূর্ণ নথি না পাওয়ায় ৬ অগস্ট ফের স্থগিত হয়ে যায় শুনানি। কিন্তু গত বৃহস্পতিবার শুনানি হয় এবং রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। এদিন মালিয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ১৭টি ব্যাংকের কনসর্টিয়াম ২০১৭ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তাঁদের অভিযোগ ছিল, আদালতের নির্দেশ না মেনে লন্ডনের দিয়াগো সংস্থা থেকে প্রাপ্ত ৪০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় অর্থে প্রায় ২৯৯ কোটি টাকা ছেলেমেয়েদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন বিজয় মালিয়া (Vijay Maliya)। এই লেনদেন সম্পর্কে আদালতকে কিছুই জানাননি তিনি। এরপরই সেই মামলায় রায়দান করে সুপ্রিম কোর্ট জানিয়েছিল মালিয়া আদালত অবমাননা করেছেন। ২০১৭ সালের ৯ মে আদালতের দেওয়া এই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই পলাতক লিকার ব্যারণ। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন বিচারপতিরা এই আর্জিকে ভিত্তিহীন বলে খারিজ করে দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news