ওয়েব ডেস্ক:
বিদেশ বসে উল্টে প্রধানমন্ত্রীকেই তোপ দাগলেন পলাতাক বিজয় মালিয়া। ট্যুইট করে তাঁর প্রশ্ন, ”প্রধানমন্ত্রী কেন ব্যাঙ্ককে আমার থেকে টাকা ফেরত নেওয়ার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন না?”
উল্লেখ্য, মালিয়া আর্থিক তছরূপে অভিযুক্ত। পলাতক এই ব্যবসায়ী বর্তমানে লন্ডনে রয়েছেন। যদিও মালিয়াকে ভারতে প্রত্যার্পণে নির্দেশ দিয়েছে লন্ডনের আদালত। যা আটকাতে হলে বিজয় মালিয়াকে পালটা আবেদন করতে হবে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ করলেন মালিয়া। তাঁর মতে, বেশ কয়েকবার তিনি ব্যাঙ্ককে টাকা ফেরত দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু তাঁর কথা শোনা হয়নি। উল্টে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ চালানো হচ্ছে। এবং তাঁকে হেফাজতে পেতে তৎপর ভারত সরকার।
এই পরিস্থিতিতে টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ তোলেন মালিয়া। কিংফিশারের ঋণ মিটিয়ে দেওয়ার কথাও ট্যুইটে বলেন তিনি। মালিয়ার প্রস্তাব কেন মানা হচ্ছে না, তা জানতে চেয়েই পলাতক ব্যবসায়ী কাঠগড়ায় তুললেন স্বয়ং প্রধানমন্ত্রীকে।
উল্লেখ্য, ক’দিন আগেই সংসদে পলাতক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দেন মোদী। বাজেট অধিবেশনের আগে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা দিতে গিয়ে তিনি ওই পলাতক ব্যবসায়ীদের প্রসঙ্গ টানেন। যদিও মোদী সেদিন কারও নাম উল্লেখ করেননি। কিন্তু তির যে মালিয়া-নীরব-মেহুলদের দিকেই ছিল, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। মালিয়া তাঁর ট্যুইটে সে প্রসঙ্গও তোলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news