নীল বণিক:
গতকাল রাতে নিউটাউনের পাথরঘাটা হরিমন্দিরে নামসংকীর্তন চলছিল। সেই সময় জনৈক ব্যক্তি নিউটাউন থানায় গিয়ে রাতের বেলা মাইক বাজানোর বিরুদ্ধে অভিযোগ করে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায়। মাইক, বক্স বন্ধ করে দেয়। এইসঙ্গে অভিযোগ, পুজোর সামগ্রীও নাকি ফেলে দেওয়া হয়। এরপর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা পাথরঘাটা ২১১ নং বাস রাস্তা অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে আটকানো হয়। সকালে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে অন্য দিকে। পুলিশের বাইকও ভাঙচুর করা হয়। পুকুরে ফেলে দেওয়া হয় পুলিশের বাইক। এই ঘটনায় দু’জন পুলিশ আহত হয়েছেন বলে খবর। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় প্রায় ৭ ঘন্টা রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। পরে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। স্থানীয় বিধায়কের আশ্বাসে অবরোধ তুলে নেয় বাসিন্দারা। ফের নামসংকীর্তন শুরু হয়, এবং গাড়ি চলাচলও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news