নীল রায়:
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপি নেতৃত্বের ওপর দায় চাপাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। সেই লক্ষ্যেই বুধবার আগরপাড়ার জনসভা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো একটি ভিডিও দেখান জনতার উদ্দেশ্যে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতা বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংহ একটি বার্তা দিচ্ছেন তার কর্মীদের উদ্দেশ্যে। যেখানে তিনি অমিত শাহ’র মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের ওপর হামলার কথা বলছেন। এদিন সকাল থেকে ওই ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেসের ডিজিটাল সেলের পক্ষ থেকে রাকেশ সিংহ-এর ভিডিওটি ভাইরাল ক’রে দাবি করা হয় বিদ্যাসাগর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের গোলমালের ঘটনা পূর্বপরিকল্পিত। এবং তা শীর্ষ নেতৃত্বের নির্দেশে কার্যকর করেছেন বিজেপি নেতা রাকেশ সিংহ। দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে ভিডিওটি জনতাকে দেখিয়ে ভোট চান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, তাঁর ভিডিওটি তৃণমূল কর্মীরা ভাইরাল করছেন তা সকালেই জানিয়েছিলেন রাকেশ। কিন্তু এদিন বিকেলে আগরপাড়া জনসভায় ভিডিওটি মুখ্যমন্ত্রী দেখানোর পর ক্ষোভে ফেটে পড়েন এই যুব নেতা। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার খুব দুঃখ হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমার ফেসবুক লাইভের একটি ভিডিওকে বিকৃত করে জনতার উদ্দেশ্যে দেখিয়ে ভোট চাইছেন।” রাকেশ আরও বলেন, “আমাদের আশঙ্কা ছিল তৃণমূল নেতৃত্ব মিছিলের ওপর হামলা চালাতে পারে। তাই নিজস্ব ফেসবুক লাইভে কর্মীদের সতর্ক করেছিলাম। ২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওকে বিকৃত করে শুধু ৫৮ সেকেন্ডের দেখানো হচ্ছে। বলা হচ্ছে আমি হামলার ষড়যন্ত্র করেছি।”

রাকেশ সিংহ পাল্টা অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি মনিশংকর মন্ডলের দিকে। রাকেশের দাবি, মুখ্যমন্ত্রী যদি সত্যি প্রকৃত সত্য জানতে চান। তাহলে তো পুলিশ ওর হাতে রয়েছে, তা দিয়ে নিরপেক্ষ তদন্ত করে দেখুন। তাঁর দলের ছাত্রনেতারাই বিবেকানন্দের মূর্তি ভাঙার পিছনে রয়েছেন। মূর্তি ভাঙার পিছনে তৃণমূলের সক্রিয় কর্মী অভিষেক মিশ্রের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে বিজেপি।
বুধবার সাংবাদিক সম্মেলন করে কলকাতা উত্তর কলকাতার লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাহুল সিংহ বলেন, “মূর্তি ভাঙার কলঙ্কজনক কাজ যে বা যারা করেছে তারাই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে লম্বা চওড়া কথা বলেছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news