চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ক্রমশ ভয়াবহ আকার নিয়ে জ্বলছে উত্তরাখণ্ডের (Uttarakhand) বনাঞ্চল। এখনও পর্যন্ত টানা ৫ দিনের দাবানলে ৭১ হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ১.৩২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বন দফতরের। এই পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে বন দফতরের ও দমকলের কর্মীরা।
একদিকে উত্তর ভারতে তাপপ্রবাহ চলছে। তার উপর ঝোড়ো হাওয়া। দুইয়ে মিলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে জঙ্গলে। আগুনের দাপটে মৃত্যু হয়েছে দুজনের। অসুস্থ একজন। বন দফতরের তরফে জানানো হয়েছে, দাবানলের ফলে জঙ্গলের জীব বৈচিত্র্য নষ্ট হয়ে গিয়েছে। জীবন হানি হয়েছে বিশাল সংখ্যক বিরল প্রজাতির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চল। চলতি বছরে শুধুমাত্র এখানেই ১২০০ হেক্টর বনভূমি ভস্মীভূত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়েছে নৈনিতাল, আলমোরা, দেরাদুন ও তেহরি এলাকাতেও।
এই দাবালনের (Forest Fire) ফলে অশনিসংকেত দেখছেন পরিবেশবিদরাও। যেভাবে ধোঁয়া ও ছাই বাতাসে মিশে যাচ্ছে তাতে পরিবেশে ব্ল্যাক কার্বণের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এমনকি এই দাবালনের ফলে উত্তর ভারতের তাপমাত্রা ০.২ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের বনভূমিতে দাবানলের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার দাবানলের আগুনে ভস্মীভূত হয়েছে উত্তরাখণ্ডের বনাঞ্চল। তবে এইবারে বহু এলাকা জুড়ে দাবানলের তেজ ক্রমশ বেড়েই চলেছে। যা নিয়ে চিন্তা বেড়েছে সরকারের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news