নিজস্ব সংবাদদাতাঃ
উত্তর দিনাজপুর, ২৬ সেপ্টেম্বর: দাড়িভিট ইস্কুলের প্রাক্তন দুই ছাত্রের গুলিতে মৃত্যুর প্রতিবাদ এবং ঘটনার সিবিআই তদন্তের দাবিতে বিজেপির ডাকা ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলাতে। সকালে কিছু সরকারি বাস রাস্তায় বেরলেও মানুষ রাস্তায় বের হয়নি। এর মধ্যে দুটি সরকারি বাস ও একটি বেসরকারি বাসে ভাঙ্গচুর চালায় উত্তেজিত বনধ সমর্থকেরা। একজন সরকারি বাস চালক আহত হন।
ইসলামপুরে বিহারের একটি বেসরকারি বাসে ভাঙচুর হয়। জানা গেছে, ৩১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ যাচ্ছিল বাসটি। সেই সময় বনধ সমর্থকরা ওই বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। কলেজ মোড় লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পাশপাশি অন্য একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ৩৪ ও ৩১ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বাজার ঘাট বসেনি। অধিকাংশ দোকানপাট বনধ। স্কুল, কলেজ খোলা থাকলেও ছাত্র ছাত্রীর উপস্থিতি নেই।
এদিন কোথাও কোথাও বনধের বিরোধিতা করে তৃণমূল সমর্থকেরা রাস্তায় নামে। তবে উত্তর দিনাজপুর জেলায় বন্ধের প্রভাব পড়েছে চোখে পড়ার মতো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news