ওয়েব ডেস্ক:
উন্নও ধর্ষণকাণ্ডে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিল কেন্দ্র। প্রসঙ্গত, এদিন উন্নাও ধর্ষণকাণ্ড নিয়ে সংসদে সরব হন বিরোধীরা। কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, উন্নাওকাণ্ড দেশবাসীর লজ্জা। এদিকে গাড়ি দুর্ঘটনায় নির্যাতিতার পরিবারের সদস্যদের মৃত্যুর পর নয়া মোড় নিয়েছে গোটা ঘটনা। অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে জেলে বসেই ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। পাশাপাশি কুলদীপ ও তাঁর ভাই মনোজ-সহ আরও ৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।
মঙ্গলবার যা নিয়ে তীব্র সমালোচনা করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীরের ভাষায়, সভ্য সমাজে এমন ঘটনা কলঙ্কের, যেখানে নাবালিকা গণধর্ষিত হয়, তার পরিবারের সদস্য এবং সাক্ষীকে ট্রাকে পিষে দেওয়া হয়, খোদ নির্যাতিতা এবং তাঁর আইনজীবী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।
উল্টো দিকে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, উন্নাও ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। ইতিমধ্যে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সরকার নিরপেক্ষ তদন্ত চালাচ্ছে।
প্রসঙ্গত, রবিবার রায়বরেলীতে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে নির্যাতিতার গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্যাতিতার কাকিমা এবং তাঁর বোনের। পাশাপাশি অন্য একটি মামলায় জেল বন্দি কাকাকে দেখতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন নির্যাতিতা। অভিযোগ উঠেছে, কুলদীপের ইশারায় এই ঘটনা ঘটানো হয়েছে। দুর্ঘটনার পর নির্যাতিতার কাকা অভিযোগ, জেলে বসেই অভিযুক্ত সব খবর পাচ্ছে। নির্যাতিতার নিরাপত্তারক্ষীরাই তাঁর গতিবিধির খবর সরবরাহ করছে বলে অভিযোগ ওঠে। ঘটনার দিন নির্যাতিতার সঙ্গে নিরাপত্তারক্ষী ছিল না কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
মূল ঘটনা ২০১৭ সালের। চাকরি দেওয়ার নাম করে নিজের বাড়িতে ১৫ বছরে ওই নাবালিকাকে কুলদীপ সেনগার ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। সে সময় নির্যাতিতার পরিবার জানায়, পুলিশে একাধিকবার অভিযোগ জানিয়েও ফল হয়নি। উলটে নির্যাতিতার বাবাকে মিথ্যে মামলায় জেলে পুরে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর কিছুদিন পর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে নির্যাতিতা ও তাঁর মা গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপরই এই ঘটনা প্রকাশ্যে আসে।কাকতালীয়ভাবে, সে সময়ই জেলের ভেতরেই নির্যাতিতার বাবার সন্দেহজনকভাবে মৃত্যু হয়। বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারের ভাইয়ের বিরুদ্ধে জেলের মধ্যেই নির্যাতিতার বাবাকে মারধরের অভিযোগ করেন নির্যাতিতার পরিবার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news