নিজস্ব সংবাদদাতা:
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন সংক্রান্ত কোনোরকম প্রস্তাব রেল পায়নি। এদিন কার্যত রাজ্যের দুই স্টেশনের নাম পরিবর্তন সংক্রান্ত বিতর্কে জল ঢালল ভারতীয় রেল। তারা নোটিশ দিয়ে জানিয়ে দিল, বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই।
প্রসঙ্গত, পূর্ব রেলের অধীনে থাকা বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘ বাদানুবাদ চলছিল কিছুদিন ধরেই। জানা গিয়েছিল, বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখা হবে স্টেশনের নাম। যা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি কাজিয়ে শুরু হয় রাজ্যের শাসক দোল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যেও। এরই মধ্যে মঙ্গলবার রেল মন্ত্রক জানিয়ে দিল, বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কোনও প্রস্তাব তাঁদের কাছে নেই।
উল্লেখ্য, বিপ্লবী বটুকেশ্বর দত্তের মৃত্যুদিনে পাটনার বাড়িতে তাঁকে সম্মান জানাতে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিহারের বিজেপি নেতা নিত্যানন্দ রাই বলেন, যেহেতু বিপ্লবীর জন্ম বর্ধমানে, অতএব বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত। এরপরেই বিতর্ক দানা বাধে। অনেকেই পছন্দ করেননি এই প্রস্তাব। খবর চাউর হতেই ক্ষোভ উগরে দেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই কাজ করতে হলে রাজ্যের অনুমতি লাগবে। যদিও আজকের সংবাদের পর বিতর্ক আপাতত চাপা পড়ল বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news