চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশে হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগ সরবরাহ করেছে ভারত। যা এই মারণ রোগের মোকাবিলা করতে এই মুহূর্তে হাতিয়ার হয়েছে চিকিৎসা জগতের। এমন সংকটময় মুহূর্তে বিভিন্ন দেশে হাইড্রক্সিক্লোরোকুইন (Hydrochloroquine) পাঠানোর জন্য ভারতকে স্যালুট করল রাষ্ট্রসংঘ (United Nation)। শুক্রবার সাংবাদিক সম্মেলনে আন্তোনি গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, “করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সেক্রেটারি জেনারেল। তার মানে যে দেশের সামর্থ্য আছে, সে যেন অন্য দেশকে সাহায্য করে। যারা এই কাজ করছে তাদের আমরা স্যালুট করছি। ভারত এই পরিস্থিতিতে অনেক দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগ পাঠাচ্ছে। এই কারণে ভারতকেও স্যালুট করেছেন সেক্রেটারি জেনারেল।”
ইতিমধ্যে, বিশ্বের ৫৫টি দেশে এই ড্রাগ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিছু দেশকে বিক্রি করা হবে। কিছু দেশকে আবার অনুদান হিসেবে দেওয়া হবে এই ওষুধ। ইতিমধ্যেই আমেরিকা, মরিশাস ও সিসিলিতে এই ড্রাগ পাঠানো হয়েছে। এখনও যেসব দেশে তা পাঠানো হবে, সেগুলি হল জাম্বিয়া, ডমিনিকান রিপাব্লিক, মাদাগাস্কার, উগান্ডা, বুরকিনা ফাসো, নিগার, মালি, কঙ্গো, মিশর, কাজাখস্তান, ইকুয়েডর, জামাইকা, সিরিয়া, ইউক্রেন, চাদ, জিম্বাবয়ে, ফ্রান্স, জর্ডন, কেনিয়া, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, পেরু প্রভৃতি। এছাড়াও প্রতিবেশী দেশ আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, নেপাল, মলদ্বীপ, শ্রীলঙ্কা ও মায়ানমারেও পাঠানো হবে এই হাইড্রক্সিক্লোরোকুইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে প্রথম বিশ্বের দেশ গুলিকে এই ওষুধ সরবরাহ করে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ও ব্রাজিলের প্রধানমন্ত্রী জায়ের বালসেনারো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news