চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
নিয়োগ দুর্নীতি ঘিরে যখন উত্তাল গোটা বাংলা, তার মধ্যেই উঠে এসেছে চিরকুট বিতর্ক। বাম (CPM) আমলে চিরকুটে চাকরি বিলি হয়েছিল বলে অভিযোগ তৃণমূল (TMC)। সেই নিয়ে সিপিএম-এ সঙ্গে জোর তরজা চলছে জোড়াফুল শিবিরের। আর সেই আবহেই ফের বিস্ফোরক অভিযোগ করলেন, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha)।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) এক সিপিএম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন বলে দাবি উদয়নের। নিয়োগ দুর্নীতিত নিয়ে তরজার মধ্যেই, এই বিস্ফোরক অভিযোগ করেছেন উদয়ন। তার তিরে এ বার বিদ্ধ জ্যোতিবাবু। উদয়নের বক্তব্য, “মুখ্যমন্ত্রীর কোটায় কোচবিহারের প্রয়াত সিপিএম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যোগ্যদের বঞ্চিত করেছিলেন।”
প্রকাশ্য সভায় এই দাবি করেন উদয়ন, এমনকি তাকে বলতে শোনা যায়, “জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন, একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত, আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল, ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যারা ডাক্তারিতে চান্স পাননি, তাদের বঞ্চিত করে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলে সেকেন্ড ডিভিশনে পাস করে আজ ডাক্তার হয়েছেন জ্যোতিবাবুর কোটায়।”
এ নিয়ে যদিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। তাদের দাবি, তৃণমূল দুর্নীতিতে ডুবে রয়েছে বলেই নজর ঘোরানোর চেষ্টা করছে। কোচবিহারে সিপিএম-এর জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, “তৃণমূল দলটা তো আপাদমস্তক দুর্নীতিতে ডুবে গিয়েছে, ইডি-সিবিআই যেখানে হানা দিচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এখন জ্যোতিবাবুর মতো মহান জননেতা, শুধু বাংলা নয়, গোটা ভারতের মানুষ জ্যোতিবাবুকে শ্রদ্ধা করেন। তাই কোন চুনোপুঁটি কী মন্তব্য করলেন, তার উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি না আমি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news