আশিস মণ্ডল, সিউড়ি:
গুলি রহস্য রেখেই সাগর ঘোষ হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করা হল দুজনকে। শুক্রবার তাঁদের সাজা ঘোষণা করা হবে। ওই মামলায় প্রথম অভিযুক্ত তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আগেই খালাস দিয়েছে আদালত। সাগর হত্যা মামলায় অভিযুক্ত আট জনের মধ্যে ছয় জনই তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছে। সে সময় সাগর ঘোষের পরিবার অভিযোগ করেছিল,পুলিশ অনেক তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে। কিন্তু এরপরেও যে দুজন দোষী সাব্যস্ত হলেন তাঁরা শাসক দলেরই। ফলে ভোটের আগে শাসকদল বিপাকে।
প্রসঙ্গ, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৯ জুলাই পাঁড়ুই থানার কসবা গ্রামে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বোমা মারার নিদান দেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেসময় সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ বিক্ষুব্ধ তৃণমূল হয়ে পঞ্চায়েতে লড়াই করছিলেন। অনুব্রতর নিদানের পরেই ২১ জুলাই রাতে সাগর ঘোষকে বাড়ির মধ্যে গুলি করা হয়। দুদিন পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ সাগর ঘোষের তিন নিকট আত্মীয় এবং নাতির শিক্ষককে গ্রেফতার করে। এদিকে শ্বশুরের মৃত্যুর তদন্ত চেয়ে বউমা শিবানী ঘোষ ৪৪ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন পুলিশ সুপারের কাছে। সেই তালিকায় প্রথমেই নাম ছিল অনুব্রত মণ্ডলের। এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর নাম ছিল। মামলা চলাকালীন অনুব্রতকে গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্টে যায় সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ।তখন তিনি বিজেপিতে। পরে হৃদয় ঘোষকে দলে টেনে নেন অনুব্রত। এর পরেই অনুব্রতর বিরুদ্ধে মামলা কার্যত লঘু হতে থাকে। ৪৭ জন সাক্ষীর মধ্যে একজন মারা যান। দুজন বিরুপ সাক্ষ্যদান করেন। বাকিদের সাক্ষ্যদানে ৮ জনের বিরুদ্ধে মামলা শুনানি হয়। শুক্রবার ওই মামলায় জেলা বিচারক পার্থসারথি সেন সুব্রত রায় ওরফে শুভ ওরফে সজল এবং ভগীরথ ঘোষকে দোষী সাব্যস্ত করেন। বাকিদের বেকসুর খালাস দেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০২, ৪৪৮, ২৫/২৭ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। শনিবার সাজা ঘোষণা হবে। সরকারি আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায় বলেন, “মোট আট জনের বিরুদ্ধে মামলা চলছিল। তথ্যপ্রমাণের অভাবে ছয় জন বেকসুর খালাস পায়”। বেকসুর খালাস পেয়ে খুশি তৃণমূল নেতা শেখ মুস্তাফা। তিনি বলেন, “যাদের দোষী সাব্যস্ত করা হল তাঁরাও নিরাপরাধ। এই ঘটনার মূল অভিযুক্ত নিতাই দাস”। হৃদয় ঘোষ বলেন, “মামলা বিলম্বিত হওয়ায় পুলিশের গাফিলতি রয়েছে। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news