সূর্য সরকার।
পাচার হওয়ার আগেই বিলুপ্তপ্রায় দুটি প্যাঙ্গোলিন-সহ গ্রেফতার হলেন ৬ জন। দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি স্ট্রিট থেকে তাদের গ্রেফতার করল বন দফতরের গোয়েন্দারা। গোয়েন্দাদের অনুমান, ওড়িশা থেকে নিয়ে আসা হয়ে থাকতে পারে ওই দুটি পেঙ্গলিনকে।
বেশ কিছুদিন ধরেই বন দফতরের কাছে খবর আসছিল যে, একটি আন্তঃরাজ্য প্যাঙ্গোলিন পাচারচক্র কালীঘাট অঞ্চলে আসতে পারে। সেই সূত্র ধরেই গোয়েন্দারা খবর পান। শুক্রবার রাতে মোটা টাকায় একটি ‘ডিল’ হওয়ার কথা ছিল। সেই মতো রাত থেকেই নজরদারি চালাচ্ছিলেন তারা।
সন্দেহভাজনরা ঘটনাস্থলে আসতেই তাদের আটক করেন বন দফতরের কর্মীরা। তাদের কাছ থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার হয় প্যাঙ্গোলিন দুটিকে। গ্রেফতারের পর সল্টলেকের বন দফতরে নিয়ে আসা হয় ধৃতদের।
প্রাথমিক তদন্তে বন দফতরের কর্তারা মনে করছেন, ওই প্যাঙ্গোলিন দুটিকে ওড়িশা থেকে কলকাতায় নিয়ে এসে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। সেখান থেকে চিনে পাচারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। কারণ, চিনে প্যাঙ্গোলিনের আঁশের ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে ওষুধ তৈরিতে এই প্যাঙ্গোলিনের আঁশ ব্যবহার করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news