চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিখোঁজ হয়ে গেলেন পাকিস্তানের ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের (Indian Embassy) দুই কর্মী। সোমবার সকালে তাঁরা সরকারি কাজেই দফতরের বাইরে ছিলেন। কিন্তু গন্তব্যের উদ্দেশে রওনা দিলেও, তাঁরা সেখানে পৌঁছননি বলেই জানা গিয়েছে। তাঁদের কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন নয়াদিল্লি। ঘটনাটি নিয়ে পাকিস্তান প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লির শীর্ষ আধিকারিকরা। বিষয়টি নিয়ে ইসলামাবাদকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে দিল্লি। কয়েক দিন আগেই পাক দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করেছিল ভারত। তারপরেই পাকিস্তানের (Pakistan) মাটিতে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে দিল্লিতে।
সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় এক কূটনীতি একটি ভিডিও নয়াদিল্লিতে পাঠিয়েছিলেন। সেখানে দেখা যাচ্ছিল, তিনি বাড়ি থেকে বেরিয়ে দূতাবাসের দিকে যখন যাচ্ছেন তখন বাইকে চরে তাঁকে অনুসরণ করছেন একজন সন্দেহভাজন। সপ্তাহখানেকের বেশি সময় ধরে এমন সব কাণ্ড কারখানায় জেরবার ছিলেন ভারতীয় হাইকমিশনের কর্মীরা। দিল্লি থেকে প্রধানমন্ত্রী ইমরান খান প্রশাসনকে (Imran Khan Administration) জানিয়ে দেওয়া হয়েছিল, ভারতীয় দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হবে। এই বিতর্কে রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্থানে নিখোঁজ হয়ে গেলেন ভারতীয় দূতাবাসের দুই কর্মী। আর এই ঘটনাটিকে কোনভাবে লঘু করে দেখতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news