চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ (SBSTC) সংস্থার পক্ষ থেকে সোমবার থেকে বেশকিছু দূরপাল্লার বাসের সংখ্যা কমানো হল। কিছুদিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে কম দূরত্ব এবং বেশি দূরত্বের বাস চালানো হচ্ছিল। শহর কলকাতা ও শহরতলিতে বাসের পরিমাণ কম থাকায় এমনটা হচ্ছিল বলেই জানা গিয়েছে। অন্যদিকে, এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা চালু না হওয়ায় সাধারণ মানুষকে বাসের ওপরই নির্ভর করতে হচ্ছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে দূরযাত্রার বাস চালানো হচ্ছিল যেমন দিঘা, আসানসোল, দুর্গাপুর, ডায়মন্ড হারবার এই সব রুটে বাস চালানো হচ্ছিল।
সোমবার থেকে এই দূর যাত্রার বাস কিছুটা হলেও কমানো হয়েছে এমনটাই জানা গেছে সূত্র মারফত। তবে যেগুলি কম দূরত্বের কলকাতা ও শহরতলীর মধ্যে যেমন বারাসাত, চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, ব্যারাকপুর, বারুইপুর, ঠাকুরপুকুর প্রমুখ এই জায়গাগুলোর মধ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তাদের পরিষেবা কেন্দ্র দিচ্ছে এবং আগামী দিনেও দেবে এমনটাই জানা গেছে সূত্র মারফত । সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা না হয় সেই দিকটা দেখা হচ্ছে ।
শহর ও শহরতলীতে এখনো বাসের সংখ্যা অপ্রতুল। যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা একেবারেই কম। পরিবহন দপ্তর অতিরিক্ত ৪০০ বাস নামালেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তারই মধ্যে আবার দূরপাল্লার বাস কমানো হলে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। আনলক ফেজ ওয়ানে শহর ও শহরতলীতে অফিস কাছারি খুলে গিয়েছে। লোকাল ট্রেন বন্ধ থাকায় দূরপাল্লার বাসের উপর ভরসা করতে হচ্ছে অফিস যাত্রীদের। এক্ষেত্রে বাসের সংখ্যা কমিয়ে দিলে নিত্যযাত্রীরা বিপাকে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news