নীল রায়।
ধৃত প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে (Sanmoy Banerjee) ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। শুক্রবার দুপুরে এই কংগ্রেস নেতাকে জেলা আদালতে তোলা হলে বিচারক রিম্পা রায় ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। খারিজ করে দেওয়া হয় সন্ময় বন্দোপাধ্যায়ের জামিনের আবেদন। বৃহস্পতিবার রাতে খড়দহ থানার আগরপাড়া ইলিয়াস রোডের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুরুলিয়া (Purulia) জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার বিশেষ দল। গত ২৩ সেপ্টেম্বর পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল যুব কংগ্রেসের পুরুলিয়া জেলার কার্যকরী সভাপতি প্রণব দেওঘরিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) বিরুদ্ধে কুরুচিকর ও ভিত্তিহীন বক্তব্যের অভিযোগ আনা হয় সন্ময় বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। তার ভিত্তিতেই পুরুলিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা এই কংগ্রেস নেতাকে গ্রেফতার করে।
সন্ময়ের দাদা তন্ময় বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, “শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ময় ধারাবাহিক লেখা লিখছিলেন। শাসক নেতাদের স্বরূপ তুলে ধরছিলেন। রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁকে গ্রেফতার করানো হয়েছে।” এদিকে শুক্রবার খড়দহ থানায় বিক্ষোভ দেখায় কংগ্রেস ও বামেরা। শুক্রবার সন্ধ্যায় পথে নামল যুব কংগ্রেসও। এদিন সন্ধ্যায় বিবি গাঙ্গুলি স্ট্রিট ও সেন্ট্রাল এভিনিউয়ের ক্রসিংয়ে যুব কংগ্রেস সভাপতি শাদাব খানের নেতূত্বে যুব প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) ও কংগ্রেসের পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। প্রতিবাদ সভার পাশাপাশি শাদাব খান জানিয়েছেন, সন্ময় বন্দোপাধ্যায়কে অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে আগামী রবিবার সকাল ১১-১২টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে পথ অবরোধ করবেন যুব কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা তথা বিধায়ক রশিদ মিল্টন শনিবার প্রদেশ কংগ্রেস দফতর থেকে এই গ্রেফতারীর প্রতিবাদে এক মিছিলের ডাক দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news