ভাস্কর মান্না:
ব্যাঙ্ক সংযুক্তিকরণ, গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি, আমানতে সুদ কমানো সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের দুটি বৃহৎ সংগঠন। আগামী ২২ অক্টোবর মঙ্গলবার সারা দেশ জুড়ে এই ধর্মঘট পালন করবে ব্যাঙ্ক কর্মীরা।
কিছুদিন আগে আর্থিক দিক থেকে ভেঙে পড়া ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক সংগঠনের কর্মীদের যুক্তি, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ওই ব্যাঙ্কগুলির অনেক শাখা বন্ধ হয়ে গিয়েছে। কাজ হারিয়েছে বহু মানুষ। তারই প্রতিবাদে এই ধর্মঘট। এছাড়া গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি করারও প্রতিবাদ জানিয়েছে তারা। উৎসবের কথা মাথায় রেখে এর আগে পুজোর সময় ধর্মঘট স্থগিত রেখেছিল ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি।
এই ধর্মঘটের ফলে ব্যাহত হতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা। এর প্রভাব এটিএম পরিষেবাতেও পড়বে বলে মনে করা হচ্ছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক এই ধর্মঘটের আওতায় পড়বে না। অন্যদিকে দেশের আর্থিক অবস্থা ক্রমশ অবনতির পথে এই সময় ব্যাঙ্ক ধর্মঘট হলে তা আরও করুন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news