Breaking News
Home / TRENDING / মেয়ে হয়েও মায়েদের পুজো পায় ‘টুসু’

মেয়ে হয়েও মায়েদের পুজো পায় ‘টুসু’

  পার্থসারথি পাণ্ডা :

টুসুদের দেশে সেবার মহুয়ার বন ফুলে ফুলে সাদা। টুপ টুপ করে শেষ শীতের শিশির ছুঁয়ে তারা ঝরে পড়ছিল ভোরের ঘাসে। টুসু কুরমীদের মেয়ে। রাত পোয়ালেই তার বিয়ে। তাই তার মনের জমিনেও তখন শিশিরের শব্দ। বুকজুড়ে স্বপ্নের ঢেউ। কিন্তু সেই স্বপ্ন ছিঁড়েখুঁড়ে হঠাৎ বাড়িতে ডাকাত পড়ল। লুঠেরার দল লুটেপুটে নিল টাকাকড়ি গয়নাগাঁটি স-অ-ব। সেইসঙ্গে তাকেও। ভোগের সময়, নারীও ‘সম্পদ’ হয়ে যায়। তাই লুঠের সম্পদ জেনে তাকেও নেওয়া হল সঙ্গে। শেষমেশ ছলে কৌশলে সঙ্গ ছাড়িয়ে গাঁয়ে ফিরেছিল টুসু। কিন্তু ভুক্ত মেয়েকে সমাজের মাথারা ঘরে ফিরতে দেয়নি। সেকেলে মেয়ে টুসু, আর পথ খুঁজে পায়নি। তার কাছে তখন পড়ে ছিল একটাই পথ। সে-পথ গিয়েছিল গহীন জলের গহনে।

মায়েদের মনে হয়েছিল এ কী হল গো! একি হল গো! ও যদি আমার মেয়ে হত! তাহলে! এমনি করে পারতাম তাকে দূরে ঠেলে দিতে! এত সহজে কি দিতাম তাকে মরতে!

পুরুষশাসিত সমাজের চোখে চোখ রেখে টুসুর স্মরণে ভজনা শুরু করলেন মায়েরা। টুসুর ভজন গানের মধ্য দিয়ে রচিত হল নতুন দিনের নারীমঙ্গল। মায়েরা পুরুষদের বুঝিয়ে দিলেন, তোমাদের অন্যায়ে যে মেয়েটির সমাজে স্থান হল না, সে আসলে আমাদের মেয়ে, আমাদের কাছে দেবী। তাঁরা যেন বুঝিয়ে দিতে চাইলেন, টুসুর মতো আর কারও নিঠুর পরিণতি হতে দেব না তোমাদের হাতে, কিছুতেই হতে দেব না! তোমাদের চোখের জাগিয়ে রাখব তোমাদেরই অন্যায়ের স্মৃতি! সেই থেকে মেয়ে হয়েও টুসু হল দেবী, আর মায়েরা হলেন পূজারিণী। মায়েদের লেখা টুসুর গানে উঠে এলো মেয়ের আকুলতা, মায়ের নাড়ির টান—‘ঠায় ফাগুনে রইলাম বসে আর আমাদের কে আছে,/ মা রইল দূরান দেশে প্রাণ জুড়াব কার কাছে!’

একদিন এই প্রাকৃত মা ও মেয়ের সম্পর্ক প্রতীক পেল মা মাটি ও শস্য কন্যার প্রকৃতি-রূপে। টুসু হয়ে উঠলেন টাড় বাংলার শস্যের দেবী। বাঁকুড়া-পুরুলিয়ার আর এক লৌকিক দেবী ভাদু রাজার মেয়ে, কিন্তু টুসু হলেন তথাকথিত অন্ত্যজ কুর্মীর মেয়ে। তবুও সে পায় সমাজের উঁচু থেকে নীচু সমস্ত সম্প্রদায়ের মানুষীর পুজো। টুসুর এও এক মাহাত্ম্য, তুষের সরার সামনে আর রঙিন চৌঢলের ছায়ায় কেমন করে যেন সে বর্ণে বর্ণে মিল ঘটিয়ে দিয়েছে সবার অজান্তেই।

দেশের মানুষ যখন আজ গঙ্গাসাগরের ডুবকি দিয়ে পুণ্য ছুঁতে ব্যস্ত, অন্যদিকে তখন রাঢ় বাংলার সুদূর প্রান্তে একমাসের টুসু ব্রত শেষে মেয়েপুরুষেরা টুসুর স্মৃতিতে জলে চৌঢল ভাসিয়ে উদযাপন করছেন নারীর মঙ্গলের জয়গাথা।

[পুরুলিয়ার মানুষের মুখে মুখে টুসুকে নিয়ে অনেক লোকগাথা। তারই একটিকে অবলম্বন করে বর্তমান লেখাটি লেখা।]
Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *