চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গত ৪৮ ঘন্টায় হুমকি-সৌজন্য পাল্টা- সৌজন্যের রাজনীতি দেখেছে গোটা বিশ্ব। অবশ্যই করোনা ভাইরাসের সৌজন্যে এমনই চিত্রনাট্যর প্রতিফলন দেখা গেল ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর সম্পর্কে। বৃহস্পতিবারের টুইট বার্তায় দুই রাষ্ট্রনেতাই পরস্পরকে দিলেন করোনা ভাইরাসের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের বার্তা। মঙ্গলবারই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হুঁশিয়ারি দিয়েছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে ভারতকে। কাকতালীয় ভাবে কয়েক ঘণ্টার মধ্যেই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করে ভারত সরকার। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের মুখে। এক সংবাদসংস্থাকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ভারত থেকে দু’কোটি ৯০ লক্ষ ট্যাবলেট আসছে আমেরিকায়। নরেন্দ্র মোদী মহান, খুবই ভাল মানুষ।” হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাওয়ার নিশ্চিত হওয়ার পর গদগদ চিত্তে বৃহস্পতিবার সকালে টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। সেই টুইটে তিনি লেখেন, “এমন এক সময়ে দুই বন্ধুর মধ্যে ঘনিষ্ঠতা বাড়া দরকার। হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ভারত ও ভারতবাসীর সিদ্ধান্তকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ, এই সাহায্যের কথা ভুলব না। নরেন্দ্র মোদী শুধু একজন মহান নেতাই নন, এমন সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখেছেন।”
Fully agree with you President @realDonaldTrump. Times like these bring friends closer. The India-US partnership is stronger than ever.
India shall do everything possible to help humanity's fight against COVID-19.
We shall win this together. https://t.co/0U2xsZNexE
— Narendra Modi (@narendramodi) April 9, 2020
ডোনাল্ড ট্রাম্পের টুইটের জবাবি টুইটে মোদী লেখেন, “মানবিকতার জন্য ভারতের যতটুকু সামর্থ্য সাহায্য করবে। করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে জিতব।” প্রসঙ্গত, ট্রাম্পের হুমকির পর গোটা ভারত জুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলেছিল, মাসখানেক আগে আমেরিকার প্রেসিডেন্টের ভারত সফরের সময় কয়েক শো কোটি টাকা খরচ করে ভারত সরকারের ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের উদ্যোগ আসলে চলে গিয়েছে। বন্ধুত্ব তো দূরঅস্ত, মার্কিন সরকারের সঙ্গে সুসম্পর্কটুকুও রক্ষা করতে পারেননি নরেন্দ্র মোদী। বরং মার্কিন প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই বৈরিতাপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু এদিন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর পারস্পরিক টুইট বার্তায় আবারও যেন বন্ধুত্বপূর্ণ পরিবেশের ইঙ্গিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news