চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সপ্তাহের প্রথম দিনেই বাস অপ্রতুল। ফলে শুরুতেই নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। সোমবার সকাল থেকে কলকাতা শহরের রাস্তায় চোখে পড়ল না সেভাবে কোনও বেসরকারি বাস। সরকারি বাস চললেও তা একেবারে হাতেগোনা । সাধারণ মানুষকে নির্ভর করতে হয় বেসরকারি বাসের ওপর। এদিকে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি না করলে বাস সংগঠনগুলি কোনওমতেই পরিষেবা দেবে না বলে জানিয়ে দিয়েছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের (Joint Council Of Bus Syndicate) তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “অনুদান নয়, বাস ভাড়া বৃদ্ধি করতে হবে। বাস ভাড়া বৃদ্ধির না করলে কলকাতা সহ রাজ্যে বাস চালানো সম্ভব নয়। কারণ গত একমাস ধরে শুধু শিলিগুড়ি থেকে সাগর পর্যন্ত কলকাতা রুটের বাস চালিয়েছেন বাস মালিকরা। কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না।”
যদিও বাস মালিকদের ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেই প্রসঙ্গে বেসরকারি বাস মালিকদের বক্তব্য, “যে পরিমাণ খরচ তাদের বহন করতে হবে, তা সরকারি অনুদানে মেটানো সম্ভব হবে না। বাস ভাড়া বৃদ্ধি করতেই হবে । কারণ লকডাউনের পাশাপাশি বর্তমানে ডিজেলের দাম মারাত্মক হয়েছে। তাই বাস মালিকদের পক্ষে তো খরচ একসঙ্গে বহন করা সম্ভব হবে না।” এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেছেন, “বাংলার মুখ্যমন্ত্রী, বাস অমিল, মানুষ কিভাবে যাতায়াত করবে? আপনি ভীষ্মের প্রতিজ্ঞা করেছেন, বাস ভাড়া বাড়বে না, বাস মালিকরা বলছে নিজের গ্যাঁটের টাকা খরচা করে বাস চালাবে না, ভোগান্তি মানুষের। বাস মালিকরা সবাই কোটিপতি নয়, সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন। “আমি শুধু আমার কথা বলবো, বাকি কিছু শুনবো না” ― এটা কখনোই সুস্থ প্রশাসন নয়।”
শুধু বাস বা মিনিবাস নয়, অন্য পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত সংগঠনগুলিও ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের ওপর চাপ তৈরি করার কৌশল নিয়েছে। তবে এককভাবে কোনও সংগঠন রাজ্য সরকারের ওপর চাপ দিয়ে ভাড়া বাড়াতে পারবে না বলেই মনে করছেন জয়েন্ট কাউন্সিল অফ লাক্সারি ট্যাক্সি (Joint Council Of Luaxry Taxi) সাধারণ সম্পাদক সুব্রত (শংকর) ঘোষ। তিনি বলেন, “পরিবহন পরিষেবা সাধারণ মানুষের জন্য অপরিহার্য। আমরাও সবরকম ভাবে আম জনতার পাশে দাঁড়িয়ে পরিষেবা দিতে চাই। কিন্তু সরকারপক্ষকেও আমাদের কথা ভাবতে হবে। ২০০৮ সালে শেষবার লাক্সারি ট্যাক্সি ভাড়া বেড়েছিল। পরিবর্তনের সরকার আসার পর আর আমাদের ভাড়া বাড়ানো হয়নি। আমরা ভাড়া বাড়ানোর আবেদন করে গিয়েছি, সরকার তা উপেক্ষা করে গিয়েছে। এখন সময় এসেছে বাস, মিনিবাস, ট্যাক্সি, লাক্সারি ট্যাক্সি সকলে একসঙ্গে মিলে রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়ানোর দাবি জানানোর। আমি সব পরিবহন সংগঠনকে চিঠি লিখে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানিয়েছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news