চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
“আমাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে ভারত।” রবিবার এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (K P Sharma Oli)। ভারত বিরোধী অবস্থান নিয়ে তিনি বলেছেন, “নেপালের সংবিধান সংশোধনের পর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিল্লি। নতুন মানচিত্র তৈরির জন্যই আমার প্রতিপক্ষদের উসকানি দিয়ে সরকার ফেলার চেষ্টা করছে। না হলে নেপালের সংবিধান সংশোধনের বিষয় নিয়ে দিল্লিতে বৈঠক করার কী দরকার? এর পিছনে আসল উদ্দেশ্য হল আমার সরকারকে ক্ষমতা থেকে সরানো।” ওলি আরও বলেছেন, “যদিও এই চেষ্টায় কোনওভাবেই সফল হবে না তারা। কারণ নেপালের জাতীয়তাবাদ অত ঠুনকো নয় যে কেউ বাইরে থেকে সরকার ফেলে দেবে। আমিও কোনওভাবে বাইরের কোনও শক্তির কাছে মাথা নোয়াব না। কারণ আমি সরে গেলে নেপালের জাতীয়তাবাদ ও সীমানা নিয়ে দাবি জানানোর আর কেউ নেই।”
আন্তর্জাতিক মহলের কথায়, নেপালে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থ হয়েছে তাঁর সরকার। একের পর এক ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বিতর্কে জড়িয়ে দেশে ভুয়া জাতীয়তাবাদ উসকে দিতে চাইছেন ওলি। তাকে ক্ষমতাচ্যুত করতে চায় ভারত, এমন অভিযোগ এনে দেশের মানুষের সহানুভুতি নয় তার প্রকৃত উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। কিন্তু ভারতবিরোধী গরমাগরম কথা বলেও নিজের ব্যর্থতা কিছুতেই ঢাকতে পারছেন না নেপালের কমিউনিস্ট শাসিত সরকারের প্রধানমন্ত্রী।
কয়েকদিন আগেই তিনটি ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে বিতর্কিত মানচিত্র তৈরি করেছে নেপাল (NEPAL)। তারপর সংবিধান সংশোধন করে তাকে মান্যতাও দিয়েছে। তখনও অনেক বিরোধী কথা শোনা যাচ্ছিল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির মুখে। মানচিত্র বিতর্কের পর ভারত যে আর খুব বেশি দিন চুপ করে থাকবে না, তাও ইতিমধ্যে বুঝে গিয়েছেন ওলি। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, নিজের ভাবমূর্তি তথা সরকার রক্ষার পাশাপাশি চিনের প্রতি আনুগত্য রক্ষা করছেন কমিউনিস্ট পার্টির এই নেতা। ভারত বিরোধী অবস্থান নেওয়ার ফলে ওলি আশঙ্কা করছেন ভারত ও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে। এই আশঙ্কা থেকেই আগেভাগে দেশের মানুষের কাছে ভারতের (India) প্রতি বিষোদগার করে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী, এমনটাই মত ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news