চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ আরও একধাপ এগিয়ে গেল রাজ্য পরিবহন দপ্তর। পর পর দু বছর অভিনবত্বের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের পরিবহণ দপ্তর। ই-টিকিটিং সিস্টেম, জল পরিবহণ এবং অভিনব ভাবনায় সরকারি বাস ডিপোগুলোকে কাজে লাগানো – এই তিনটি বিভাগে ২০২৩ সালে এই পুরস্কার জিতল তারা। বৃহস্পতিবার রাতেই সংস্থার তরফে এই খবর জানানো হয়। সুত্রের খবর, স্কচ অ্যাওয়ার্ড সিলভার জিতেছে পরিবহণ দপ্তর। সেখানে পরিবেশবান্ধব ট্রামের ১৫০ বছরের কথাও উল্লেখ করা হয়েছে। ট্রামকে যেভাবে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করা হয়েছে, তা প্রশংসনীয়। ট্রাম লাইব্রেরি, ট্রাম মিউজিয়াম, ট্রাম ক্যাফে প্রশংসিত হয়েছে। এখনও প্রতি বছরই দেশের বিভিন্ন রাজ্যে সরকারি দপ্তরগুলোকে ভাল কাজের স্কীকৃতিসরূপ এই পুরস্কার দেওয়া হয়। গত কয়েক বছর ধরেই বিভিন্ন সরকারি পরিষেবা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। আর তার জন্য প্রায় প্রতি বছরই একের পর এক পালক যুক্ত হচ্ছে রাজ্যসরকারের মুকুটে। ২০২২ সালে শিক্ষা, শিল্প, বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে শীর্ষ স্থান পেয়েছিল বাংলা। পুরস্কার এসেছিল পরিবহণ দপ্তরেও। স্কচ অ্যাওয়ার্ড পেয়ে খুশি পরিবহন বিভাগের সকলেই । এদিন পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, ‘‘আমাদের আরও ভাল পরিষেবা দিতে হবে সাধারণ মানুষকে।’’ রাজ্য পরিবহন কে আরও উন্নত করার কথাও জানানো হয়েছে দপ্তরের তরফে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news