চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী ১২ আগস্ট পর্যন্ত লোকাল, প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railway)। ভারতীয় রেল বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেলের ১৭টি জনকে বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের এক কর্তা জানিয়েছেন, নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখেই রেল বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২২ মার্চ থেকে ভারতীয় রেলের পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মে মাসের মাঝামাঝি সময় থেকে বিশেষ কিছু জোনে ট্রেন চালানো হচ্ছে। তুলনামূলক চড়া দামে বিকোচ্ছে সেই সমস্ত ট্রেনের টিকিট। তবে লকডাউন এর আগে বিক্রি হওয়ার টিকিটের দাম ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে ভারতীয় রেল বোর্ড। দ্রুতই যাত্রীদের টাকা ফেরানোর কাজ শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দেশে লকডাউন খোলা হলেও করোনা ভাইরাসের সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে যা সর্বাধিক। এক দিনে এত জন এর আগে সংক্রমিত হননি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন চার লক্ষ ৭৩ হাজার ১০৫ জন। মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু— দেশের মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশই এই তিনটি রাজ্য থেকে। এমতাবস্থায় পরিষেবা চালু করে কোনও ঝুঁকি নিতে নারাজ রেল বোর্ড। প্রসঙ্গে পূর্ব রেলের এক কর্তা জানিয়েছেন, ভারতীয় রেল শহরের সঙ্গে গ্রামকে যুক্ত করে। লোকাল, প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেন চালু হলে সংক্রমনের গতি দ্রুত হারে বেড়ে যাবে। ভাবনা থেকেই আপাতত ১২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে এই সমস্ত রেল পরিষেবা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news