নিজস্ব সংবাদদাতা
আজ ২ অক্টোবর, আজই শেষ দিন। আগস্টের শেষ থেকে অক্টোবরের ২—এই মাসাধিক কাল সময় চেয়েছিলেন প্রযোজকেরা। ৩ অক্টোবর থেকেই যত তাড়াতাড়ি সম্ভব অভিনেতা-অভিনেত্রীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবার কথা দিয়েছিলেন তাঁরা, নবান্নে, মুখ্যমন্ত্রীর সামনে। তারপরই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ধর্মঘট উঠিয়ে নেওয়া হয়েছিল। এই মধ্যিখানের একমাসে অবশ্য সমস্ত প্রোডাকশন হাউসই অভিনেতা-অভিনেত্রীদের সময়ে পেমেন্ট করেছেন। তবুও, এখনও পর্যন্ত সবারই মনে একটা সংশয় আছে, কাল থেকে সত্যিই আর্টিস্টরা তাঁদের জমে থাকা কয়েক হাজার টাকা আদৌ পেতে থাকবেন কিনা। কারণ, এঁদের অনেকেরই বকেয়া আছে লাখেরও বেশি। তবে তাঁদের এই সংশয় সত্যি হয়ে উঠবে কিনা সেটা বোঝা যাবে অবশ্য কাল থেকেই।
আগস্টে আর্টিস্ট ফোরামের সংঘবদ্ধ আন্দোলন স্টুডিওপাড়ার ডিরেক্টারস এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টারস গিল্ডগুলোকে আরও সংগঠিত করে তুলেছে। আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টারদের কাজ থেকে ছাঁটাই করা যেত যেকোন সময়, আগের দিন ‘আসতে হবে না’ বললেই কাজ চলে যেত পরদিন থেকে, এখন নতুন নিয়ম হয়েছে, কাউকে বাদ দিতে হলে, তাঁকে পনের দিন আগে নোটিশ দিতে হবে, প্রয়োজনে গিল্ডকে কারণ দেখাতে হবে। উল্টোদিকে কেউ কাজ ছাড়তে চাইলেও প্রোডাকশন হাউসকে পনের দিন আগে সেটা জানানো বাধ্যতামূলক হয়েছে।
দীর্ঘদিন ধরেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহকারী পরিচালকের একটা বাঁধা মাইনে গিল্ড ঠিক করে দেওয়া সত্বেও অনেক প্রোডাকশন হাউস তাদের দিয়ে কম টাকায় কাজ করিয়ে নিচ্ছিলেন, এখন সেই অব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সহকারী পরিচালকেরা প্রতিবাদ করতে শুরু করেছেন, গিল্ডকে পাশে নিয়ে তাঁরা সরবও হচ্ছেন। এই জেগে ওঠা এবং নিজেদের অধিকার আদায় করে নেবার যে সদর্থক প্রচেষ্টা এখন শুরু হয়েছে স্টুডিও পাড়ায়, সেটা কিন্তু আর্টিস্ট ফোরামের আগস্ট বিপ্লবেরই প্রত্যক্ষ ও পরোক্ষ ফল। তারই মাঝে আর্টিস্টদের উদ্বেগের ভ্রূকুটি কিন্তু এখনও ততটাই আছে, একমাস আগে যেমন ছিল, কারণ, তাঁদের বকেয়া টাকা এখনও জমে আছে প্রযোজকের অ্যাকাউন্টে…অনেক ঘাট ঘুরেফিরে, না আঁচিয়ে আর কাউকে ভরসা হয়না তাঁদের…তাই আছে শুধু ভ্রুকুটিমুখর অপেক্ষা, কালকের জন্য…
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news