নিজস্ব সংবাদদাতা :
অবশেষে শিল্পীদেরই মুখে ফুটল জয়ের হাসি। পাঁচদিনের লড়াইয়ের পর কোন রকম শর্ত ছাড়াই তাঁদের সব দাবি মেনে নিলেন প্রযোজকেরা। সূত্রের খবর, কাল রাতেই ঠিক হয়ে গিয়েছিল শিল্পীদের লড়াইয়ের ভবিষ্যত। নবান্নে। আজকের প্রযোজক ও শিল্পীদের মিটিং ছিল নেহাতই সৌজন্য মিটিং। কাল রাতেই জট কাটাতে অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, ববি হাকিমকে নিয়ে কমিটি তৈরি করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আয়োজন পাকা করে রেখেছিলেন যাতে শিল্পীদের সব দাবিদাওয়া মেনে নেওয়া হয়। শিল্পীদের কোন রকম অসুবিধে হলে বা তাঁদের দাবি না-মানা হলে শিল্পীরা যাতে এই তিনজনের সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারেন, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী কাল রাতেই ব্যবস্থা করে ফেলেছিলেন। আজ সৌজন্য মিটিং এর পর সেই তিনজনের কমিটিতে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিত চট্টোপাধ্যায় থেকে শুরু করে নানান চ্যানেলের হেড, ফিল্ম ফেডারেশনের স্বরূপ বিশ্বাস, অপর্ণা ঘটক প্রমুখ স্থান পান। অাবার শোনা গেল, মিটিং শেষ করে মুখ্যমন্ত্রী উপস্থিত প্রযোজকদের নাকি বলেছেন, অবসরে তিনি তো মেগা সিরিয়ালই দেখেন। কিন্তু এই চারদিন ধরে একই এপিসোড বার বার দেখতে তাঁর বিরক্তি এসে গেছে, তাঁর বিরক্তি এসেছে মানে সমস্ত দর্শকেরই বিরক্তি এসেছে। তাই কাল থেকে শুটিং শুরু করে ভালো ভালো এপিসোড তৈরি করে পুজোটা জমিয়ে দিতে উপদেশও দিয়েছেন তাঁদের। তবে এই জয়ের আনন্দের পরেও শিল্পীদের একাংশের মনে একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সামনে মাথা নেড়ে প্রযোজকেরা ‘জো হুজুর’ বলে সবকিছু মেনে তো নিলেন, কিন্তু রাত পোহালেই আগেরবারের মতো তাঁদের ‘হ্যাঁ’ আবার ‘না’ হয়ে না যায়! একবার স্থিতাবস্থা এসে গেলে তখন কোথায় মন্ত্রী, কোথায় কমিটি– কিছুতেই কিছু হয় না। তবু অপেক্ষা করা ছাড়া উপায় নেই, কারণ, তাঁদের এ সংশয়ের উত্তর একমাত্র সময়ের হাতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news