ভাস্কর মান্না :
কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার নিন্দায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৭ ফেব্রুয়ারি রবিবার ‘কালা দিবস’ পালন করবে বলিউড।
এর আগে সিনেমা, সাহিত্য, খেলা বিভিন্ন পেশার কলাকুশলীরা সহ গোটা দেশ তথা বিশ্বের নানা প্রান্ত থেকে এই হামলার নিন্দা করা হয়েছে। এবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার ‘কালা দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে বলিউড। আজ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রির কোন কাজ হবে না বলে জানানো হয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়া (আইএফআইসিই)- এর প্রেসিডেন্ট বি.এন. তিওয়ারি বলেন, “এফআইসিই-র তরফে আমরা সবাইকে ‘কালা দিবস’ পালনের জন্য অনুরোধ করেছি। স্টুডিও ও এডিটের কাজ এবং শুটিং লোকেশনের কাজ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। এই দু’ঘণ্টা গুরুগ্রাম এবং মুম্বাই ফিল্ম সিটির বাইরে এফআইসিই-র সব সদস্য জমায়েত হবে।”
প্রসঙ্গত, কাশ্মীরে বৃহস্পতিবারের জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। আহত হন ১৬ জন জওয়ান। এ নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে শোক বার্তা জানানো হয়। পিছিয়ে ছিল না বলিউডের কলাকুশলীরাও। এর আগে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, সলমন খান সহ আরো অনেকে এই হামলার নিন্দা করে টুইট বার্তা জানিয়েছেন। এই হামলা প্রসঙ্গে আমির খান লিখেছেন, “নিহত পরিবারের পাশে আছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news