ওয়েব ডেস্ক
পুলওয়ামা হামলার তদন্তকারী অফিসারেরা আজ গুরগাঁওয়ে মারুতি কারখানায় যাবেন। সেখানে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে নমুনা দেখিয়ে বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মডেল চিহ্নিত করার চেষ্টা করা হবে। তদন্তকারীরা মনে করছেন, বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মডেল জানতে পারলে তদন্তে অনেকটা এগনো যাবে। বর্তমানে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্থ হয়েছে যে সেটি কোন সংস্থার কি মডেলের গাড়ি বোঝার উপায় নেই।
পুলওয়ামা হামলার তদন্তকারী দলের এক গোয়েন্দা জানিয়েছেন, জৈশ-এ-মহম্মদ গোষ্ঠী এই বিস্ফোরণের দায় নেওয়ার পর শনিবার পর্যন্ত ৮ জন সন্দেহভাজন জৈশ সমর্থককে গ্রেফতার করা হয়েছে। ওই অফিসার জানিয়েছেন, বিস্ফোরণের মাস্টার মাইন্ড আদিল আহমেদ দারের ওপর গোয়েন্দাদের নজর আগে থেকেই ছিল। তবে সে যে আত্মঘাতী হামলা করবে তা বোঝা যায়নি।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, উপত্যকায় জৈশ-এ-মহম্মদের ৫৬ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। উপত্যকায় জৈশের দুটি গোষ্ঠী রয়েছে। এদের মধ্যে একটি দলের নেতা কুখ্যাত জঙ্গি মাসুদ আজহরের ভাইপো মহম্মদ উমের। এই উমের আপাতত পুলওয়ামাতেই রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। অন্য আরেকটি গোষ্ঠীর সমর্থকেরা পুলওয়ামার আশপাশের গ্রামে লুকিয়ে রয়েছে বলে খবর। এছাড়াও গোটা উত্তর কাশ্মীর জুড়ে জৈশ-এ-মহম্মদ গোষ্ঠীর অসংখ্য ‘স্লিপার সেল’ রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news