নীল রায়। রাজনৈতিক লড়াইয়ে কোনওভাবেই হারানো যাচ্ছে না অর্জুন সিংকে। তাই তাঁর মোবাইলে মেসেজ পাঠিয়ে এবার তাঁকে শায়েস্তা করতে চাইছে তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে একটি মেসেজ ভাইরাল হয়। তাতে ব্যারাকপুরের সাংসদের নম্বর দিয়ে লেখা হয়, অর্জুন সিংকে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে এই মেসেজটি পাঠান। মেসেজটি হল, “জয় হিন্দ জয় বাংলা জয় মা মাটি মানুষ।মমতা ব্যানার্জী জিন্দাবাদ।”। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পর প্রায় সব লড়াইয়েই নিজের পুরনো দলকে মাত দিয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা আসনে ১০ বছরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে পরাজিত করা থেকে শুরু করে। ভাটপাড়ার বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রভাবশালী নেতা মদন মিত্রকে হারাতে মুখ তাঁর পুত্র পবন হলেও, আসল কারিগর ছিলেন অর্জুনই। ইতিমধ্যে নৈহাটি, কাঁচরাপাড়া, হালিশহর পৌরসভার সিংহভাগ কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপি তে নাম লিখিয়েছে। ফলস্বরূপ জোড়া ফুলের তেরঙ্গা ঝাণ্ডার বদলে এই তিন পৌরসভায় উড়ছে পদ্ম প্রতীকের গেরুয়া ঝান্ডা। কাউন্সিলরদের দলবদল রুখতে নৈহাটি পৌরসভা গেটের সামনে ধর্না দিতে হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তাতেও কাজ হয়নি, তারপরেই একে একে হাতছাড়া হতে শুরু করেছে গ্রাম পঞ্চায়েতগুলি। জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়, সুজিত বসু, নির্মল ঘোষদের মত হাফডজন মন্ত্রীদের প্রায় রোজ ব্যারাকপুরে পাঠিয়েও শেষ রক্ষা হয়নি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি যান সেদিনই তাঁকে দেখে ভাটপাড়ার বিজেপি কর্মীরা “জয় শ্রীরাম” স্লোগান দিলে মেজাজ হারিয়ে তাদের দিকে তেড়ে যান মুখ্যমন্ত্রী। তারপরই অর্জুন সিং ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর বাড়িতে ১০ লক্ষ জয় শ্রীরাম লেখা কার্ড পাঠাবেন। সূত্রের খবর এরপরেই তৃণমূল নেতৃত্ব পরিকল্পনা করেন অর্জুনের মোবাইলে মেসেজ পাঠিয়ে তাঁকে জব্দ করার। কিন্তু এমন ঘটনার কথা জেনে ব্যারাকপুরের বাহুবলী বিজেপি সাংসদ বলেন, “আমাকে যে কেউ মেসেজ পাঠাতে পারে। এতে খারাপের কিছু নেই। ওরা যে জয় বাংলা লিখে আমাকে পাঠাবে, আমি তো সেই বাংলার উন্নয়নের জন্যই কাজ করছি, কাজ করে যাব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই প্রমান করে দিয়েছেন তিনি জয় শ্রীরাম স্লোগানের বিরুদ্ধে। আমাকে যাঁরা মেসেজ পাঠাবেন, তাঁরা নিশ্চয়ই এটা জানেন। “
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news