নীল রায়।
অসমে এনআরসির তালিকা থেকে বাদ যাওয়া মানুষজনকে আইনি সহায়তা দেবে তৃণমূল। মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিনিধি হয়ে গৌহাটি গিয়েছিলেন রাজ্যসভার উপ দলনেতা সুখেন্দু শেখর রায় ও প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। এদিন তাদের অসমের বারপেটা জেলায় যাওয়ার কথা থাকলেও, তা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। ফলস্বরূপ, তাদের গৌহাটিতেই অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করতে হয়। সেই বৈঠকেই সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) ও দীনেশ ত্রিবেদী জানতে চান এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরবর্তী সময়ে অসমের পরিস্থিতির কথা।
সেখানকার পরিস্থিতি জানার পর মূলত দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, এনআরসির তালিকা থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষের বেশিরভাগকেই আইনি পরিষেবা দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের (TMC) আইনজীবী সেলকে এবিষয়ে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন সুখেন্দু-দীনেশ। এছাড়াও বিজেপি (BJP) পরিচালিত সর্বানন্দ সোনোয়াল সরকারের কাছে একটি বিশেষ দাবি জানানোর কথাও এই দুই তৃণমূল নেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন। অসমের প্রত্যেকটি মহকুমায় এনআরসি থেকে বাদ যাওয়া ব্যক্তিদের জন্য গণশুনানির বন্দোবস্ত করতে হবে বলে দাবি জানিয়েছেন শুখেন্দু শেখর রায়।
তাঁর কথায়, কোনও ব্যক্তির নাম এনআরসির তালিকা থেকে বাদ গেছে বলেই তাঁকে গণতান্ত্রিক সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। তাই নাগরিকপঞ্জির তালিকা থেকে বাদ গেলেও সবাইকে গণশুনানি মারফত সুযোগ দিতে হবে। সেই সুযোগ থেকে যাতে কেউ বঞ্চিত না হন, সেই কারণেই আমরা মহকুমা ভিত্তিক গণশুনানি করার দাবি জানাচ্ছি অসম সরকারের কাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news