নিজস্ব সংবাদদাতা, হুগলি:
আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজেপি প্রার্থীদের তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করালো তৃণমূল। ঘটনাটি তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা এলাকার। চাঁপাডাঙ্গার ১২৮ নম্বর বুথের প্রার্থী গৌর মণ্ডলকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই এলাকার তৃণমূল প্রার্থীর স্বামী লাল্টু চট্টোপাধ্যায় অপহরণ করে বলে অভিযোগ। এরপরেই জানা যায় বিজেপি প্রার্থীকে নিয়ে যাওয়া হয়েছে তারকেশ্বর বিডিও অফিসে। সেখানে জোর করে প্রার্থীপদ প্রত্যাহার করানোর পর বিজেপি না করার মুচলেকাও লিখিয়ে নেওয়া হয়। পুরো বিষয়টিতে অভিযুক্ত লাল্টু চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে রয়েছে বলে বিজেপির অভিযোগ। এছাড়াও বালিগোড়ি এক নম্বর অঞ্চলের বিজেপি প্রার্থী সঞ্জিত মণ্ডল, চাঁপাডাঙ্গা এলাকার বিজেপি প্রার্থী ত্রিনাঙ্কুর জানা সহ প্রায় পাঁচজন বিজেপি প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়। তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী তকমিনা বিবি বিজেপির পাকসু মোর্চার রাজ্য সম্পাদক গণেশ চক্রবর্তীকে ফোন করে তাঁর বিরুদ্ধে দাঁড়ানো বিজেপির প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। বিজেপির এই নেতা বলেন, আমার কাছে ওই তৃণমূল প্রার্থী ফোন করে অত্যন্ত বিনয়ের সুরে বলেন, আমার বিরুদ্ধে দাঁড়ানো আপনাদের প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে বলুন। আমি কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি একশো শতাংশ নিশ্চিত হতে চাইছি জয়ের ব্যাপারে। একই সাথে তৃণমূলের প্রার্থী প্রস্তাব দেন, আপনারা ক্ষমতায় এলে আপনারা যাতে নিরঙ্কুশ ক্ষমতা দখল করতে পারেন সেটাও আমরা দেখব। নমিনেশন প্রত্যাহার করানোর জন্য তারকেশ্বর এলাকার বিভিন্ন জায়গায় বিজেপি ও সিপিএম প্রার্থীদের বাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, ভয় দেখিয়ে আবার কোথাও নরম সুরে আমাদের প্রার্থীদের মনোনয়ন তুলতে বাধ্য করছে তৃণমূল। বেশ কয়েকজন বিজেপি প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছে। কালকের মধ্যে ওরা বিরোধী শুন্য করে দেবে এলাকা। ফলে এবার বুথে গিয়ে ভোট দিতে হবে না কোন ভোটদাতাকেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news