জয় ঘোষ।
“তৃণমূল ক্ষমতা হারানোর ভয়ে রাজ্যজুড়ে হিংসা ছড়াচ্ছে।” মুর্শিদাবাদের জিয়াগঞ্জ (Jiagunj) ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন জনসমর্থন হারিয়েছে। তখন ভয় পেয়ে হিংসার আশ্রয় নিচ্ছে। যেমন সাপ ভয় পেয়ে গিয়ে ছোবল মারে। তেমনই এই সরকারও ভয় পেয়ে গিয়ে খুনখারাপি করছে।” শারদোৎসবের মাঝেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পাঁচজন বিজেপি (BJP) কর্মীর মৃত্যু হয়েছে রাজ্যের নানা প্রান্তে। সেই সমস্ত হত্যার দায় তৃণমূল (TMC) নেতৃত্বের ওপর চাপিয়েছেন দিলীপ ঘোষ।
কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, “এই সরকারের তো লীলাখেলা মেলা এই নিয়ে চলছে। জঙ্গলমহলের মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছিল। কারণ তৃণমূল ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে ফুটবল খেলা থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনী করেছিলেন। মানুষ যে সেটা বিশ্বাস করেনি জঙ্গলমহলে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তা বুঝিয়ে দিয়েছে। সেই ভাবেই কলকাতার লোককে আফিম খাইয়ে বছরে দুবার প্যারোট দেখিয়ে একবার কার্নিভাল দেখিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে।” তাঁর প্রশ্ন, “রাজ্যে খুনের রাজত্ব চলছে। আমি জানি না এই হিংসার রাজত্বে মানুষ কীভাবে আনন্দ পাবে।”
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ইস্যুতে বিজেপি সভাপতি বলেন, “একই পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারণ এই পরিবারের সবাই আরএসএসের সমর্থক ছিলেন।” তিনি আরও বলেন, “রাজ্য সরকার সিবিআই তদন্তে কেন ভয় পাচ্ছে? এই ঘটনার পর এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাই এই ঘটনায় যারা যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।” এই ইস্যুতে অপর্ণা সেন টুইট করে রাজ্য সরকার রাজধর্ম পালন করতে বলেছেন। এ প্রসঙ্গে মেদিনীপুরের (Medinipur) সাংসদ বলেন, “গত দু’বছরে দু’শোর বেশি কর্মী সাধারণ মানুষ খুন হয়েছে। কিন্তু বুদ্ধিজীবীরা প্রতিবাদে সরব হতে দেখা যায়নি। তাই বুদ্ধিজীবীদের অনেক আগেই সরব হওয়া উচিত ছিল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news