নিজস্ব প্রতিনিধি।
দিল্লির ভোটযুদ্ধে প্রকাশ্যে আপের হয়ে সমর্থনে নামল তৃণমূল। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ফেসবুক লাইভে এই সমর্থনের কথা ঘোষণা করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien)। তবে জাতীয় রাজনৈতিক মহলে আলোচনা, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishore) পরামর্শে তৃণমূল এভাবে প্রকাশ্যে আপ-কে সমর্থনের কথা ঘোষণা করে দিল।
https://www.facebook.com/563478817117696/posts/1857420827723482/
এদিন সকালে ফেসবুক লাইভেই দিল্লির রাজেন্দ্রনগর বিধানসভার আপের প্রার্থী রাঘব চডডাকে ভোট দেওয়ার অনুরোধ করেন ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জল, রাস্তাঘাট ও দূষণ নিয়ন্ত্রণে যে সমস্ত প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জনতাকে দিয়েছিলেন। তার সবই পালন করেছেন তিনি।” তৃণমূলের রাজ্যসভার দলনেতার আরও বক্তব্য, “সব প্রতিশ্রুতি পালনের জন্যই দিল্লির মানুষের উচিত হবে আপ-কে বিপুল ভোটে জয়ী করা।”
ঘটনাচক্রে, আপ ও বিজেপির যুদ্ধের মাঝে রয়েছে কংগ্রেস। তারা অবশ্য অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পাঁচ বছরের ব্যর্থতা ও বিজেপির কেন্দ্রীয় সরকারের অপশাসনের কথা বলে ভোট চাইছে। কিন্তু তৃণমূল নেতৃত্ব তাদের সমর্থন জানায়নি। বরং দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দলের পক্ষ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
এখানেই প্রশ্ন উঠেছে কেন তৃণমূল নেতৃত্ব এমন অবস্থান নিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল কংগ্রেসের পাশাপাশি, এই বিধানসভা নির্বাচনে আপের পরামর্শদাতার ভূমিকায় রয়েছেন প্রশান্ত কিশোর। তাই এই দুই দলকে এক মঞ্চে এনে বিজেপির বিরুদ্ধে কাজে লাগানোর কৌশল নিয়েছেন তিনি। কারণ, গত ১৩ জানুয়ারি দিল্লিতে কংগ্রেসের ডাকা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর বৈঠকে সামিল হয়নি আপ (AAP) ও তৃণমূল কংগ্রেস। সেই বৈঠকে গরহাজির থেকেছে প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে পথ চলা দক্ষিণের ডিএমকে। তাই মনে করা হচ্ছে, প্রশান্ত কিশোরের সৌজন্যে দিল্লির ভোটে আপকে খোলাখুলি সমর্থন জানিয়ে প্রচারে নেমেছে তৃণমূল (TMC)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news