সূর্য সরকার
আর কোনও যদি কিন্তু নয়! এবার সব্যসাচী দত্ত কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল। কখনো ফিরহাদ হাকিম কখনো দোলা সেন দলনেত্রীর কাছে দরবার করে বিধাননগরের মেয়রের বহিষ্কার আটকে দিয়েছিলেন। কিন্তু এবার ধর্য্যের বাঁধ ভেঙেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই সব্যসাচী দত্তকে আর রেয়াত করা হবে না বলেই একপ্রকার নিশ্চিত, তৃণমূল কংগ্রেস সূত্রে এমনটাই খবর। রবিবার তৃণমূল ভবনে বিধাননগরের ৩৬ জন তৃণমূল কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, বৈঠকে ৩৬ জন কাউন্সিলর জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রয়েছে তাঁদের। যাঁকে নতুন মেয়র নির্বাচিত করা হবে তাঁকে মেনে নেবেন তাঁরা। পাশাপাশি, সব্যসাচী দত্তকে এখন মেয়র পদ থেকে সরানো না হলেও, তাঁর ক্ষমতা খর্ব করা হবে বলেই বৈঠক সূত্রের খবর। বর্তমানে তাপস চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র, এখন থেকে মেয়র পরিষদের বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হল তাঁকেই। অর্থাৎ মেয়র সব্যসাচীর যাবতীয় কাজ দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস চট্টোপাধ্যায়কে। বিধাননগর পুর নিগমের সব দায়িত্ব সব্যসাচীর হাতে থাকা সব দফতর সামলানোর দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকেই।
বৈঠক সূত্রে খবর, সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা এনে কিছুদিনের মধ্যেই তাঁকে মেয়র পদ থেকে সরিয়ে তাপস চট্টোপাধ্যায় বা কৃষ্ণা চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হতে পারে। এদিনের বৈঠকের পর সব্যসাচীকে সাসপেন্ড বা বহিস্কার করতে পারে বলেও জানাচ্ছে তৃণমূলের একটি নির্ভরযোগ্য সূত্র। তবে বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে দলের তরফে কিছু জানতে না চাইলেও বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, “আমার ভূমিকা এখানে ছিল পর্যবেক্ষককের। সকলের মত শুনতে আমি এসেছিলাম। এবার দলনেত্রীকে রিপোর্ট দেব। যা সিদ্ধান্ত নেওয়ার দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নেবে।” যদিও এ ব্যাপারে সব্যসাচীর সেভাবে কিছু বলতে চাননি। তিনি বলেছেন , “বৈঠকে কি হয়েছে শুনেছি । দলের তরফে আমাকে কিছু জানানো হয়নি। তাই শোনা কথায় কিছু বলব না। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তাঁর পথেই হেঁটেছি। একসঙ্গে কৃষক আন্দোলন করেছি।” দল যে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তা ভালই বুঝছেন ঝানু রাজনীতিক সব্যসাচী দত্ত। বিধান নগরের এক তৃণমূল নেতার কথায়, “মুকুল রায়ের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের কথা দলনেত্রীর ভালভাবেই জানা ছিল। তা সত্ত্বেও তাকে বহুবার ক্ষমা করে দিয়েছেন দিদি। কিন্তু প্রকাশ্যে একের পর এক দল ও সরকার বিরোধী কাজ করে ঠিক করেনি সব্যসাচী। তাই মেয়র ও বিধায়ক হয়েও আর তৃণমূলে থাকা হবে না তাঁর!”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news