নীল রায়।
নজিরবিহীনভাবে খড়গপুর সদর (Kharagpur Sadar) বিধানসভা উপনির্বাচনে পৃথকভাবে ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। খড়গপুর সদর বিধানসভার সঙ্গেই কালিয়াগঞ্জ ও করিমপুরের উপভোট হচ্ছে। তবে রাজ্যের শাসকদলের একমাত্র টার্গেট খড়গপুর সদর! কারণ, ২০১৬ সালে এই আসন থেকে জয়ী হয়ে প্রথমবারের জন্য জয়ী হয়ে বিধায়ক হন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু, লোকসভা ভোটে মেদিনীপুর থেকে সাংসদ হয়ে দিল্লির সংসদের সদস্য হয়েছেন তিনি। তাই ভোট হচ্ছে খড়গপুর সদর আসনে।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি সভাপতির ছেড়ে যাওয়া আসনে একবার যদি জয় ছিনিয়ে আনা যায়, তাহলে এ রাজ্যে বিজেপির গতিকে অনেকটাই স্তব্ধ করে দেওয়া যাবে বলেই মনে করছে তৃণমূল শিবির। তাই ওই আসনে বিজেপি (BJP) প্রার্থী প্রেমচাঁদ ঝাঁয়ের পাল্টা খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শেই পৃথক নির্বাচনী ইশতেহার তৈরি হয়েছে খড়গপুর আসনের জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুরের এক প্রচার সভায় ইশতেহারের উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারতবর্ষের নির্বাচনী রাজনীতিতে কোন উপনির্বাচনে কেবলমাত্র একটি বিধানসভা বা লোকসভাকে ভিত্তি করে ইশতেহার তৈরি হওয়ার নজির নেই। ভোট বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “নির্বাচনের জন্য পৃথক ইশতেহার তৈরির কথা ভারতীয় গণতন্ত্রের নির্বাচনের ইতিহাসে নেই।” রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে ৩৪ থেকে ২২-এ নেমে এসে জোর ধাক্কা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তড়িঘড়ি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথামতো প্রশান্ত কিশোরকে (Prashant Kishore) ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটযুদ্ধের প্রধান সৈনিক করেছেন তিনি। তাঁর কথামত যেমন ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়েছে। তেমনি খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনের জন্য তৈরি হয়েছে পৃথক ইস্তেহার। বাকি দুটি কেন্দ্র কালিয়াগঞ্জ ও করিমপুর তৃণমূলের পক্ষ থেকে জোরদার প্রচার চালানো হলেও ইশতেহার তৈরি করা হয়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর আসনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ কংগ্রেস প্রার্থী জ্ঞান সিং সোহন পাল ওরফে চাচাকে ৬,৪০৯ ভোটে পরাজিত করেছিলেন। আবার ২০১৯ সালের লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভার অংশ খড়গপুর সদর বিধানসভা থেকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তৃণমূল প্রার্থী মানুষ ভূঁইয়ার (Manas Ranjan Bhunia) চেয়ে ৪৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধান পেয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই খড়গপুর বিধানসভার উপনির্বাচনে পাল্লা ভারী গেরুয়া শিবিরের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news